প্রতিনিধিদলের সফর বাতিল মানেই আবার যুদ্ধ শুরু নয়: ট্রাম্প
সফর বাতিল করার অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন, এমন দাঁড়াচ্ছে কি না প্রশ্নে ট্রাম্প বলেন, ‘না, এর অর্থ তা না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার স্বয়ংক্রিয় মানে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়া নয়।
সফরসূচি বাতিল করার অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন, এমন দাঁড়াচ্ছে কি না প্রশ্নে ট্রাম্প মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, “না, এর অর্থ তা না। আমরা এখনো এ বিষয়টি নিয়ে ভাবিনি।”
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সকালে উইটকফ ও কুশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু ইসলামাবাদে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তান ত্যাগ করার পর মার্কিন প্রতিনিধিদলের সফরসূচি বাতিল করেন ট্রাম্প।
আরাকচি এক সফরে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান। তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স এ এক পোস্টে জানান, পাকিস্তান সফরে ইরানি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেননি আর তেহরানের উদ্বেগগুলো মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানানো হবে।
শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকেই ইরানের দাবিদাওয়া ও প্রতিপক্ষের অবস্থান নিয়ে তেহরানের আপত্তিগুলো তুলে ধরেন তিনি।
ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে দিনভর আলোচনায় তেহরানের রেড লাইনগুলো কী আর কোথায় তাদের আপস করার সুযোগ আছে, তা নিয়ে বিস্তারিত আলাপ করেন।
আল জাজিরা জানিয়েছে, এই উচ্চপর্যায়ের বৈঠকের পর আরাকচি ইসলামাবাদ ছেড়ে যান। তবে বৈঠকে আরাকচি কী বলেছেন, তার অল্পই জানা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
আরাকচির নেতৃত্বধীন ইরানি প্রতিনিধিদলের ইসলামাবাদ ছেড়ে যাওয়ার খবর আসার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প জানান, তিনি ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদলের পরিকল্পিত সফরসূচি বাতিল করেছেন।
ইসলামাবাদে ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন পক্ষ প্রস্তুত থাকলেও তেহরানের অনাগ্রহের কারণে তা ভেস্তে গেল। কিন্তু এ বিপর্যয় সত্ত্বেও ইরানের সঙ্গে সহসাই ফের যুদ্ধ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
