Published : 05 Nov 2025, 03:09 PM
যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইভিল শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএসের একটি মালবাহী বিমান বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা তিনজন ক্রুসদস্যসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। আগুনের গোলায় পরিণত হয়ে বিমানটি পড়ে গেলে আশপাশের শিল্পাঞ্চলের একাধিক ভবনে আগুন ধরে যায়। এতে মাটিতে থাকা আরও ১১ জন আহত হন।
লুইভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেছেন, “দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
“বেঁচে যাওয়া কয়েকজনের আঘাত অত্যন্ত গুরুতর,” বলেছেন তিনি।
রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ইউপিএসের ফ্লাইট ২৯৭৬। এটি লুইভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে হাওয়াইয়ের হনলুলুর উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।
লুইসভিল বিমানবন্দরেই ইউপিএসের বৈশ্বিক কার্গো হাব ‘ওয়ার্ল্ডপোর্ট’ অবস্থিত। এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় মালামাল পরিবহন কেন্দ্র।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল থেকে ফ্লাইট চলাচল ফের শুরু হবে।

ইউপিএস এক বিবৃতিতে জানিয়েছে, “লুইভিলের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমাদের সমবেদনা রইল।”
কোম্পানিটি আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণে আন্তর্জাতিক ও বিমানপথে পাঠানো প্যাকেজের ডেলিভারিতে কিছুটা বিলম্ব হতে পারে, তবে বিকল্প প্রস্তুত রয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের সময় থেকেই বিমানের নিচের অংশে আগুন দেখা যাচ্ছিল, কয়েক সেকেন্ড পরই সেটি আকাশে বিস্ফোরিত হয়। আগুনে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ৩৪ বছর পুরনো এমডি-১১ মডেলের বিমানটি মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার আগে বিমানটির একটি ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তকারীরা ধারণা করছেন, এ কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারায়।
এফএএর তথ্য অনুযায়ী, তিন ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটি ২০০৬ সাল থেকে ইউপিএসের বহরে যুক্ত ছিল। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পর ১৭৫ ফুট উচ্চতায় পৌঁছে দ্রুত নিচে নেমে আসে।
দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দেবে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) । সংস্থাটি জানিয়েছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশে ১২ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।
লুইভিলে ইউপিএসের কর্মী সংখ্যা ২৬ হাজারের বেশি। স্থানীয় কাউন্সিল সদস্য বেটসি রুহি বলেছেন, “এই শহর আসলে ইউপিএসের শহর। এখানে প্রায় সবাই কাউকে না কাউকে চেনে, যে ইউপিএসে কাজ করে। আজ তাদের অনেকেই উদ্বিগ্ন হয়ে প্রিয়জনের খোঁজ নিচ্ছেন, কিন্তু দুঃখজনকভাবে কিছু খবর হয়তো আর ফিরে আসবে না।”