১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে যাচ্ছে ৪ ক্যাটাগরির হারিকেন এরিন

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাহামা দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে যাচ্ছে ৪ ক্যাটাগরির হারিকেন এরিন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালী হারিকেন এরিন। এর প্রভাবে উপকূল জুড়ে বিপজ্জনক ঢেউ ও স্রোত দেখা যেতে পারে। 

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাহামা দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই দ্বীপগুলোতে ক্রান্তীয় ঝড়ের সতর্কতা জারি রয়েছে।

হারিকেন এরিন এই দ্বীপগুলোতে তাণ্ডব চালাবে না বলে আশা করা হলেও তুর্কস, কাইকোস এবং পূর্ব বাহামা দ্বীপে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।

২০২৫ সালের আটলান্টিক সিজনের প্রথম এই হারিকেন এরিন শনিবার শক্তি হারানোর আগে ক্যাটাগরি ৫ এর রূপ নিয়েছিল। এই ঘূর্ণিঝড় এখন আবার শক্তি সঞ্চয় করছে।

ঝড়ে তীব্র বাতাসের দাপটে  বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুয়ের্তো রিকোয় ১ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বলে জানিয়েছে স্থানীয় জ্বালানি কোম্পানি লুমা।

ঝড়ের প্রভাবে সোমবার আকস্মিক বন্যা দেখা দিয়েছে দক্ষিণ-পূর্ব বাহামা, তুর্কস ও কাইকোস দ্বীপগুলোতে। 

মঙ্গলবার উত্তাল সমুদ্রের বিপজ্জনক ঢেউ ও  স্রোত দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূল এবং বারমুডার বেশিরভাগ এলাকাজুড়ে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, “এই সময়ে এরিন বড় ধরনের এক বিপজ্জনক ঝড় হয়ে বিরাজ করবে।”

এরিনের প্রভাবে নর্থ ক্যারোলাইনা উপকূলের বেশ কিছু দ্বীপে প্রবল ঝড়ো বাতাস এবং স্রোত বয়ে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রের গোটা পূর্ব উপকূলজুড়েই বিপজ্জনক স্রোত বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। ফলে ওই এলাকার কাছাকাছি দ্বীপের মানুষজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।