১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিউবায় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলা

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠার পর জনগণের ক্ষুব্ধতার বিস্ফোরণের মধ্যে হামলার ঘটনাটি ঘটে।

কিউবায় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলা
সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে বড় একটি আগুন আর লোকজনকে এক ভবনের জানালা দিয়ে পাথর ছুড়তে দেখা যায়। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 10:40 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

কিউবার উত্তরাঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভকারীরা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি কার্যালয়ে হামলা চালিয়েছে। 

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে হামলাটি হয়। যুক্তরাষ্ট্রের তেল অবরোধে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠার পর জনগণের ক্ষুব্ধতার বিস্ফোরণের মধ্যে হামলার ঘটনাটি ঘটে।     

কিউবার সিগো দে আভিলা প্রদেশ থেকে প্রকাশিত স্প্যানিশ ভাষার সরকারি ও স্থানীয় কমিউনিস্ট পার্টির মুখপত্র ইনবাসোর সংবাদপত্র জানায়, শুক্রবার রাতে মোরন শহরে লোডশেডিং ও খাদ্য স্বল্পতা নিয়ে ক্ষুব্ধ লোকজন শান্তিপূর্ণ এক সমাবেশে মিলিত হয়, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা সহিংস হয়ে ওঠে। মধ্যরাতের পর তারা স্থানীয় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা চালায়।  

রয়টার্স জানায়, সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে বড় একটি আগুন আর লোকজনকে এক ভবনের জানালা দিয়ে পাথর ছুড়তে দেখা গেছে, পেছনে বিভিন্ন কণ্ঠের আওয়াজে ‘মুক্তি’ শব্দটি শোনা যাচ্ছিল।   

রয়টার্স এই ভিডিওগুলোর সত্যাসত্য যাচাই করতে পারেনি। প্রতিবাদকারীরা দাবি করেছেন, এই ভিডিওগুলো মোরনে সৃষ্ট অস্থিরতা তুলে ধরেছে। 

কিউবার উত্তর উপকূলের মোরন শহরটি রাজধানী হাভানা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে পর্যটন শহর কায়ো কোকোর নিকটবর্তী।