১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পারমাণবিক মহড়ার পর রাশিয়ার তেল কোম্পানিগুলোতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন আইনপ্রণেতারা কয়েক মাস ধরে সরকারকে চাপ দিয়ে আসছিলেন।

পারমাণবিক মহড়ার পর রাশিয়ার তেল কোম্পানিগুলোতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
রাশিয়ার সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 11:39 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

রাশিয়া পারমাণবিক অস্ত্রসহ বড় ধরনের সামরিক মহড়া চালানোর পর দেশটির গুরুত্বপূর্ণ তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

ইউক্রেইনের যুদ্ধ শেষ করার প্রতি রাশিয়ার প্রতিশ্রুতির অভাব আছে, এমন অভিযোগ করে বুধবার এসব নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন।  

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের পরিকল্পনা ভেস্তে যাওয়ার একদিন পর নতুন এসব নিষেধাজ্ঞা জারি হল। 

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি ওই বৈঠক বাতিল করেছেন কারণ সেটি তার কাছে ‘ঠিক মনে হয়নি’। 

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর যুদ্ধযন্ত্রের তহবিল যোগানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোসনেফট ও লুকোয়েলকে নিষেধাজ্ঞার লক্ষ্যস্থল করা হয়েছে।     

এই পদক্ষেপ রাশিয়ার বিষয়ে হোয়াইট হাউজের হঠাৎ পরিবর্তন হিসেবে চিহ্নিত হল। ইউক্রেইনে যুদ্ধ বন্ধ করার জন্য হোয়াইট হাউজ একবার মস্কোর উপর চাপ সৃষ্টি করছে তো পরে অবস্থান পরিবর্তন করে আরও বন্ধুত্বপূর্ণ পন্থা অবলম্বন করছে। গত সপ্তাহেই মনে হয়েছিল, ট্রাম্প মস্কোকে লক্ষ্যস্থল করে নতুন নিষেধাজ্ঞা জারির বিষয়টি স্থগিত রাখতে প্রস্তুত আছেন। 

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, “এখন হত্যাকাণ্ড বন্ধ করার ও অবিলম্বে যুদ্ধবিরতির সময় হয়েছে।”  

বেসেন্টের সিদ্ধান্ত ও মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে ২ ডলার করে বেড়েছে। 

রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন আইনপ্রণেতারা কয়েক মাস ধরে সরকারকে চাপ দিয়ে আসছিলেন। পুতিন যুদ্ধ বন্ধ করতে সম্মত হবেন, এই আশায় ট্রাম্প ওই চাপ ঠেকিয়ে রেখেছিলেন। কিন্তু সামনে আর কোনো আশা না দেখে অবশেষে নিষেধাজ্ঞা আরোপে সম্মতি দেন তিনি।  

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেইনকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত নন। ইউক্রেইন এই ক্ষেপণাস্ত্র চেয়ে ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে। 

নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, টমাহক ক্ষেপণাস্ত্র কীভাবে ব্যবহার করতে হয় সেটি শিখতে ইউক্রেইনীয়দের অন্তত ছয় মাস লাগবে। 

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে ট্রাম্পের। তার আগে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেইন যুদ্ধ বন্ধে শি পুতিনের ওপর তার প্রভাব ব্যবহার করছেন, এমনটি দেখতে চান তিনি। 

শি ও পুতিন তাদের দুই দেশের মধ্যে একটি কৌশলগত মিত্রতা গড়ে তুলেছেন।   

আরও পড়ুন: 

ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিতের পরই পারমাণবিক শক্তি দেখাল রাশিয়া