১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫০ লাখ ডলারে মার্কিন ‘গোল্ড কার্ড’ বেচার ভাবনা ট্রাম্পের

এ কার্ডে মিলবে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া গ্রিন কার্ডের সুবিধাদি, খুলে দেবে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার পথ।

৫০ লাখ ডলারে মার্কিন ‘গোল্ড কার্ড’ বেচার ভাবনা ট্রাম্পের
নিউ ইয়র্কে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ ইউএসসিআইএসের কার্যালয়। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকা এক ভিসা কর্মসূচি বদলে তথাকথিত ‘গোল্ড কার্ড’ আনার কথা ভাবছেন, ৫০ লাখ ডলার দিয়ে যে কার্ড কিনলে খুলে যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ।

মঙ্গলবার তিনি মার্কিন ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসাকে ‘গোল্ড কার্ডে’  পরিণত করার এ ভাবনার কথা জানান,  বলেছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইবি-৫ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের ‘গ্রিন কার্ড’ মিলতো, যার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যেত।

“আমরা গোল্ড কার্ড বেচতে যাচ্ছি। যার দাম হতে পারে ৫০ লাখ ডলারের মতো,” বলেছেন ট্রাম্প।

 “এটা আপনাকে গ্রিন কার্ডের সুযোগসুবিধা দেবে, সঙ্গে করে দেবে নাগরিকত্ব পাওয়ার পথ। ধনী লোকজন এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবে,” দুই সপ্তাহের মধ্যে এই কর্মসূচির বিস্তারিত প্রকাশিত হবে জানিয়ে বলেন মার্কিন প্রেসিডেন্ট।  

এই গোল্ড কার্ডের সুযোগ রুশ অলিগার্করা পাবে কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, পেতে পারে। আমি ক’জন রুশ অলিগার্ককে চিনি, যারা চমৎকার মানুষ।”

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ ইউএসসিআইএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও তাদের অর্থে মার্কিন অর্থনীতিকে চাঙা করতে’ ১৯৯০ সালে মার্কিন কংগ্রেস এই ভিসা কর্মসূচি শুরু করেছিল। 

“এই ইবি-৫ কর্মসূচি, এটা পুরোপুরি বাকোয়াজ, মিথ্যা আর জালিয়াতিতে ভরা। এর মাধ্যমে খুব কম অর্থে গ্রিন কার্ড মেলে। এজন্যই প্রেসিডেন্ট এই বাজে ইবি-৫ কর্মসূচির জায়গায় অন্য কিছুর কথা বলেছেন। আমরা এই ইবি-৫ কর্মসূচি বাতিল করে তার বদলে ট্রাম্প গোল্ড কার্ড আনতে যাচ্ছি,” মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই বলেছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।