Published : 23 Mar 2026, 04:43 PM
ওমানে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় গাড়ি ভেসে গিয়ে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ওমানের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, বারকা প্রদেশের একটি ওয়াদিতে (নদীখাত) ১০ জন আরোহীসহ একটি গাড়ি বন্যার তোড়ে ভেসে যায়।
এদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনের মরদেহ পরে উদ্ধার করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
পৃথক এক ঘটনায় আল-মাওয়িল প্রদেশে বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে দুই নাগরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মরদেহও উদ্ধার করা হয়েছে।
ভারি বৃষ্টির প্রভাবে দেশটির বিভিন্ন স্থানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। ওমানে সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই ভয়াবহ বন্যার ঘটনা ঘটছে।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে দেশটিতে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছিলেন এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল।