১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লন্ডনে গান্ধী মূর্তির অবমাননা, কড়া প্রতিক্রিয়া ভারতের

লন্ডনের টাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর একটি মূর্তির স্তম্ভ কিছু গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছে। এ ঘটনা লজ্জ্বাজনক বলে নিন্দা করেছে সেখানকার ভারতীয় হাই কমিশন।

লন্ডনে গান্ধী মূর্তির অবমাননা, কড়া প্রতিক্রিয়া ভারতের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 01:40 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রনায়ক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর মাত্র কয়েকদিন আগে লন্ডনের টাভিস্টক স্কয়ারে তার একটি মূর্তি বিকৃত করা হয়েছে। এ ঘটনাকে ‘লজ্জ্বাজনক’ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন।

টাভিস্টক স্কয়ারে গান্ধীর হাঁটু মুড়ে বসা কালো পাথরের মূর্তিটির স্তম্ভ কিছু গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছে। মূর্তির ভিত্তিপ্রস্তরে কালো রঙ দিয়ে ‘সন্ত্রাসী’ (টেরোরিস্ট) লেখা হয়। আরও লেখা হয়েছে- গান্ধী, মোদী ও ভারত (হিন্দুস্তান)’। 

এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় হাই কমিশন বলেছে, মূর্তি বিকৃত করার এ ঘটনা ‘অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ’।

আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) গান্ধীর ওই মূর্তির সামনে গান্ধীজয়ন্তীর অনুষ্ঠান হওয়ার কথা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবেও স্বীকৃত।

লন্ডনের ভারতীয় দূতাবাস সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলেছে, তারা গান্ধীমূর্তি বিকৃত করার এই লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এটি নিছক মূর্তি বিকৃতির ঘটনা নয় বরং আন্তর্জাতিক অহিংসা দিবসের তিনদিন আগে অহিংসার ধারণার উপর এবং মহাত্মা গান্ধীর নীতির উপর সহিংস আক্রমণ। 

ঘটনাস্থলে এরই মধ্যে গেছেন দূতাবাসের প্রতিনিধিরা। কী ভাবে মূর্তিটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাওয়া যায়, তা খতিয়ে দেখছেন তারা।

তবে এই ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ভারতীয় দূতাবাস। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

প্রতি বছর ২ অক্টোবর লন্ডনে গান্ধীর ওই মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধী জয়ন্তী স্মরণ করা হয়। ইন্ডিয়া লিগের সমর্থনে ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করা হয়েছিল এবং ১৯৬৮ সালে এবং স্টাভিস্টক স্কয়ারে সেটি উন্মোচন করা হয়েছিল। 

মূর্তিটির শিলালিপিতে লেখা রয়েছে, 'মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮'। মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। সে কথার স্মরণেই মূর্তিটি তৈরি করা হয়।