১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতে ধূলিঝড়ে আঁধারে ঢাকল রাজস্থান, লণ্ডভণ্ড পাঁচ জেলা

রাজস্থান রাজ্যের চুরু, হনুমানগড়, শ্রীগঙ্গানগর, বিকানের ও সিকার জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে এই ধূলিঝড় বয়ে যায়।

ভারতে ধূলিঝড়ে আঁধারে ঢাকল রাজস্থান, লণ্ডভণ্ড পাঁচ জেলা
ধুলিঝড়। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 12:15 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ঠিক যেন হলিউডের কোনও সিনেমার দৃশ্য। ভরদুপুরে হঠাৎ ঘনিয়ে আসে আঁধার৷ ধুলোর প্রকাণ্ড মেঘে ছেয়ে যায় আকাশ ৷ মুহূর্তে চতুর্দিকে রাতের অন্ধকার নেমে আসে৷ সামান্য দূরের দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে ৷

শনিবার দুপুর ২টা নাগাদ এমনই ধুলিঝড়ে ডুবে গিয়েছিল ভারতের রাজস্থান রাজ্যের বিকানের ও  শ্রীগঙ্গানগর জেলাসহ বিস্তীর্ণ অঞ্চল। ঝড়ের তাণ্ডব চলেছে চুরু, হনুমানগড় এবং সিকারেও। দিনের আলোয় অন্ধকার নেমে আসে। 

ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিশাল দৈত্যাকার ধুলোর ঝড় শহরের দিকে ধেয়ে আসছে, যা মুহূর্তের মধ্যে পুরো এলাকাকে ধুলোর চাদরে ঢেকে দেয়।

মাত্র আধ ঘণ্টার ঝড়ের তাণ্ডবে পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ধুলোমাখা বাতাসের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে দৃষ্টিসীমা বা দৃশ্যমানতা শূন্যে নেমে আসে; ফলে যানবাহন চলাচল পুরোপুরি থমকে যায়।

চারপাশে একটি ভুতুড়ে হলুদ-বাদামী আভা তৈরি হওয়ায় পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য দিকবিদিক ছুটোছুটি শুরু করেন এবং আতঙ্কিত দোকানদাররা তাড়াহুড়ো করে বাজারের সাটার নামিয়ে দেন।

বাতাসের প্রচণ্ড বেগে বহু গাছের ডালপালা ভেঙে পড়েছে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে কিংবা বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে স্থানীয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

ভারতের আবহাওয়া দফতর (মৌসম ভবন) জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিম ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে এই ধুলিঝড় সৃষ্টি হয়েছে। 

গত কয়েক দিন ধরেই রাজস্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ঘোরাফেরা করছিল, যা গত শুক্রবার ৪৫ ডিগ্রিও ছাড়িয়ে যায়। এর পরেই শনিবার ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে এই প্রবল ধুলিঝড় বয়ে যায়।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ধোলপুর জেলার বারিতে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। জয়পুরের আবহাওয়া কেন্দ্র পূর্বাভাসে জানিয়েছে, শনিবার বিকানের, জয়পুর, আজমির, ভরতপুর, কোটা, যোধপুর এবং উদয়পুর বিভাগের কিছু অংশে তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। 

সেইসঙ্গে কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যের বিভিন্ন অংশে এই ঝড়-বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।