Published : 15 Jan 2026, 03:15 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেছেন। পৃথকভাবে উভয় নেতাই তাদের এ ফোনালাপকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন।
চলতি মাসের প্রথমদিকে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন।
রয়টার্স জানায়, বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, ফোনালাপে তাদের মধ্যে তেল, খনিজ, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলাকে স্থিতিশীল ও পুনরুদ্ধারে সাহায্য’ করতে কাজ করছে বলে পোস্টে দাবি করেন ট্রাম্প।
রয়টার্স লিখেছে, কয়েক মাস ধরে চলা তীব্র উত্তেজনার পর এই ফোনালাপে দুই দেশের মধ্যে নাটকীয় কূটনৈতিক মোড় ফেরানোর সূচনা হল। ট্রাম্প প্রশাসনের চোখ ভেনেজুয়েলার বিপুল কিন্তু কম উৎপাদনকারী তেল মজুদের ওপর।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে দীর্ঘ, ফলদায়ক ও মার্জিত বলে উল্লেখ করেছেন রদ্রিগেজ। তিনি বলেছেন, তারা উভয় দেশের স্বার্থে একটি দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে আলোচনা করেছেন।
সম্প্রতি রদ্রিগেজ মাদুরোকে ‘অপহরণ’ করার জন্য ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন ও তাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এই ফোনালাপের বিষয়ে নিজের মন্তব্যে ট্রাম্প বলেছেন, রদ্রিগেজ একজন ‘দুর্দান্ত মানুষ’ আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সঙ্গে যোগাযোগ রাখছেন।