Published : 23 Jun 2026, 12:09 AM
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণার পর গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নাম মেকারফিল্ড আসন থেকে লেবার পার্টির নতুন এমপি হিসেবে হাউস অব কমন্সে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।
লেবার এমপি’দের তুমুল করতালির মধ্য দিয়ে তিনি শপথ নেন। মেকারফিল্ড আসন থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা যখন কমন্সে প্রবেশ করেন, তখন লেবার পার্টির বেঞ্চগুলো থেকে করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কক্ষ।
তার সঙ্গে সোমবার শপথ নেন আরও দুই নতুন এমপি। তারা হলেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) লারা বার্ড এবং কনজারভেটিভ পার্টির ডগলাস লামসডেন।
পার্লামেন্ট কক্ষে প্রবেশের সময় বার্নাম দলের সহকর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অভিবাদনের মধ্যে হাসিমুখে মাথা নত করে সবাইকে সম্মান জানান। শপথের আনুষ্ঠানিকতা শেষে কমন্সের স্পিকারের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন তিনি।
এর মধ্য দিয়ে মেকারফিল্ডের প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্যের সংসদে তার পথচলা শুরু হল। এর আগে অ্যান্ডি বার্নাম ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টে লেই আসনের লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পরে ২০১৭ সালেই তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন এবং সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে আবারও পার্লামেন্টে ফিরলেন।
বার্নামের রাজনৈতিক অতীত ও মেকারফিল্ডের জয়
যুক্তরাজ্যের রাজনীতিতে অ্যান্ডি বার্নাম অপরিচিত কেউ নন। এক দশকের বেশি সময় আগে তিনি দুবার লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে সে সময় সফল হতে পারেননি।
গত কয়েক মাসে জনমত জরিপে লেবার পার্টির জনপ্রিয়তার পারদ নেমে যাওয়া এবং গত মে মাসের স্থানীয় সরকার নির্বাচনে হতাশাজনক ফলের পর দলের অনেক এমপি এখন দলকে সঠিক পথে ফেরাতে বার্নামকেই যোগ্য মনে করছেন।
সম্প্রতি মেকারফিল্ড আসনের উপনির্বাচনে রিফর্ম ইউকে-এর প্রার্থীকে ৯ হাজারের বেশি ভোটে হারিয়ে নিজের জয় নিশ্চিত করেন বার্নাম। এই জয়ের মাধ্যমে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির পাওয়া ৪৫ শতাংশ ভোটকে ওই আসনে প্রায় ৫৫ শতাংশে নিয়ে গেছেন তিনি।
বার্নামের জন্য এই জয় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ লেবার পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রথম শর্তই হলো পার্লামেন্ট সদস্য (এমপি) হওয়া।
নির্বাচনের আগেই বার্নাম ঘোষণা দিয়েছিলেন, মেকারফিল্ডে জিততে পারলে তিনি সম্ভাব্য নেতৃত্ব নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন।
এর আগে তীব্র রাজনৈতিক চাপের মুখে ডাউনিং স্ট্রিটের পোডিয়ামে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন কিয়ার স্টারমার। তার এই বিদায়ের পর অ্যান্ডি বার্নাম লেবার পার্টির নেতা নির্বাচিত হলে এর মধ্য দিয়ে তিনিই হবেন ব্রেক্সিট গণভোটের পর যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণার পরই তার স্থলাভিষিক্ত হওয়া এবং লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের লড়াইয়ে নামবেন বলে নিশ্চিত করে জানান অ্যান্ডি বার্নাম।