বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এক সতর্কবার্তায় পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের মধ্যে বিশ্বজুড়ে আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা–সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর।
শনিবার পররাষ্ট্রদপ্তর এক সতর্কবার্তায় পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের মধ্যে বিশ্বজুড়ে আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে। নিরাপত্তায় ঝুঁকি, ফ্লাইটে বিঘ্ন এবং মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলা নিশানা হওয়ার কথা উল্লেখ করে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষ করে পশ্চিম এশিয়ায় যেসব মার্কিন নাগরিক আছে, তাদেরকে নিয়মিত খবরাখবর রাখা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নিরাপত্তা সতর্কবার্তা ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, “বিভিন্ন ফ্লাইট বাতিল এবং সময় সময় আকাশপথ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন ঘটতে পারে। পশ্চিম এশিয়ার বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।
তাছাড়া, ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।
এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাচল ও নিরাপত্তার বিষয়ে সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর।
