১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার ভারতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে নজর মুকেশ আম্বানির

তার কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানি বলছেন, “ভারতের কৌশলগত স্বনির্ভরতার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে সার্বভৌম সক্ষমতা থাকা প্রয়োজন।”

এবার ভারতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে নজর মুকেশ আম্বানির
বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় ৯০ বিলিয়ন ডলার। ছবি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 10:29 AM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ভারতে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির ঘোষণা দিয়েছে দেশটির ধনকুবের মুকেশ আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং যুক্তরাজ্যের রোলস-রয়েস হোল্ডিংস। 

ফোর্বস লিখেছে, এর মধ্য দিয়ে সামরিক বিমানখাতে ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী।

দুই কোম্পানি শুক্রবার জানিয়েছে, তারা যৌথভাবে ভারতের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) কর্মসূচির জন্য দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমানের ইঞ্জিনের নকশা, উন্নয়ন ও উৎপাদন করবে। এ কর্মসূচির লক্ষ্য হল ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা। 

তবে প্রকল্পটির আর্থিক কোনো তথ্য জানায়নি কোম্পানি দুটি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক, মুকেশের কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানি এক বিবৃতিতে বলেন, “ভারতের কৌশলগত স্বনির্ভরতার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে সার্বভৌম সক্ষমতা থাকা প্রয়োজন।”

তিনি বলেন, “রোলস-রয়েসের সঙ্গে আমাদের উদ্যোগের লক্ষ্য হল উন্নত প্রপালশন প্রযুক্তিতে তাদের বিশ্বমানের দক্ষতার সঙ্গে রিলায়েন্সের প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা, বৃহৎ পরিসরের কার্যক্রম ও বাস্তবায়ন সক্ষমতার সমন্বয় ঘটিয়ে ভারতে উড়োজাহাজের ইঞ্জিন তৈরির একটি নিজস্ব শিল্পব্যবস্থা গড়ে তোলা।”

ফোর্বস লিখেছে, এ প্রকল্প বাস্তবায়নে দুই অংশীদার বিশেষায়িত মহাকাশ ও বিমান প্রযুক্তি কমপ্লেক্স তৈরি করবে, যেখানে উন্নত শক্তি ও ইঞ্জিন প্রযুক্তি নিয়ে কাজ করা হবে। 

এ স্থাপনার মাধ্যমে প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং নতুন ধরনের শক্তি ও ইঞ্জিন প্রযুক্তি নিয়ে আরও বড় পরিসরে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

রোলস-রয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তুফান এরগিনবিলগিক বলেন, “ভারতে আমাদের বিদ্যমান অংশীদারত্ব ও সক্ষমতার সঙ্গে এই উদ্যোগ দেশটিতে শক্তিশালী ও স্বনির্ভর উড়োজাহাজ প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলার পথে একটি বড় মাইলফলক।”

ভারত সরকার গেল মে মাসে এএমসিএ কর্মসূচির জন্য ১৫ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে। দেশটির বিমান বাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান দ্রুত তৈরির লক্ষ্যেই এ অর্থ বরাদ্দ করা হয়।

মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ এখন আনুমানিক ৮৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে ধনী শিল্পপতি। 

জ্বালানি, পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ, খুচরা বিক্রি, গণমাধ্যম ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্যবসা রয়েছে।