Published : 28 May 2025, 03:19 PM
সেইন্ট ভিনসেন্ট ও গ্রানাডিনসের পুলিশ মঙ্গলবার জানিয়েছে, তারা কানাওয়েন দ্বীপের সৈকতে ভেসে আসা একটি নৌকায় মানুষের দেহাবশেষ পেয়েছে। নৌকাটিতে ১১ জন মানুষের দেহাবশেষ ছিল বলে বিশ্বাস তাদের।
দেহবশেষগুলোর পরিচয় শনাক্ত করতে তদন্ত চলমান আছে। তবে এসব মানুষ আফ্রিকার মালি থেকে এসেছেন, প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার জুনিয়র সিমন্স এক ভিডিও বার্তায় রয়টার্সকে বলেছেন, “সেখান থেকে বেশ কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। সেগুলো মালি প্রজাতন্ত্রের বলে মনে হচ্ছে। দেহাবশেষগুলো পচনের শেষ পর্যায়ে ছিল যার মধ্যে কয়েকটি পুরোপুরি অক্ষতও ছিল না।”
সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে পুলিশ কানাওয়েনের লিটল বে সৈকতে প্রায় ৪৫ ফুট লম্বা একটি জলযান ভেসে এসেছে বলে খবর পায়।
সিমন্স জানিয়েছেন, আরও ফরেনসিক ও তদন্তমূলক প্রক্রিয়ার জন্য দেহাবশেষগুলো মূলদ্বীপ সেইন্ট ভিনসেন্টে পাঠানো হয়েছে।
জানুয়ারিতে সেইন্ট কিটস এন্ড নেভিসের কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা একটি জলযান খুঁজে পায় যেটিতে ১৯টি মৃতদেহ ছিল। সেগুলো পচেগলে গিয়েছিল। এ থেকে তাদের ধারণা হয়, জলযানটি অনেকদিন ধরে সাগরে ছিল।
তারা কিছু পরিচয়পত্র পায় যা থেকে তাদের ধারণা হয়, ওই জলযানের কিছু আরোহী মালি থেকে এসেছিলেন।
পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালি ক্যারিবীয় অঞ্চল থেকে পূর্বদিকে আটলান্টিক মহাসাগরের অপরপারে প্রায় ৬২০০ কিলোমিটার দূরে।
পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক জলপথগুলোর অন্যতম। মহাসাগরের এই অঞ্চল দিয়ে বয়ে যাওয়া প্রবল পশ্চিমা স্রোত ও জোরালো বাতাস যে কোনো জলযানকে তাদের গতিপথ থেকে বহুদূরে সরিয়ে নিতে পারে।