১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন মাস ‘ব্ল্যাকআউটের’ পর ইরানে ফের ইন্টারনেট চালুর সিদ্ধান্ত

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চূড়ান্ত অনুমোদন দিলে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করবে।

তিন মাস ‘ব্ল্যাকআউটের’ পর ইরানে ফের ইন্টারনেট চালুর সিদ্ধান্ত
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 12:58 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালানোর পর তিন মাস বন্ধ রাখা ইন্টারনেট যোগাযোগ ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। 

ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ওই ‘ব্ল্যাকআউটের’ নির্দেশ দিয়েছিল। তাদের ওই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নিষেধাজ্ঞার কারণে ব্যাপক চাপে থাকা ইরানের অর্থনীতিও পড়েছিল ব্যাপক চাপে।  

ইরান সরকারের সাইবারজগত নিয়ন্ত্রক কমিটি এক বৈঠকে ইন্টারনেটের ওপর সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স। 

কমিটির বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ৯-৩ ভোটে পাস হয়েছে; এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তাদের প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চূড়ান্ত অনুমোদন দিলে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করবে।

মিশরের বার্তা সংস্থা মিডল ইস্ট নিউজ এজেন্সি (মিনা) জানিয়েছে, ইরানের কট্টর রক্ষণশীলদের চাপে মে মাসের মাঝামাঝি এই সাইবারজগত নিয়ন্ত্রক কমিটি বানানো হয়েছিল। এর সভাপতি মোহাম্মদ রেজা আরেফ, মহাসচিবের দায়িত্বে আছেন শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির যোগাযোগমন্ত্রী সাত্তার হাশেমি। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিন সাইবারজগত বিষয়ক বিশেষজ্ঞও আছেন।    

মিনা লিখেছে, জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ এবং পরে ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন-ইসরায়েলি হামলার কারণে কর্তৃপক্ষের দেওয়া বিধিনিষেধে বাধ্য হয়েই ইরানের অনেক নাগরিক ভিপিএনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। 

‘ব্ল্যাকআউটের’ কারণে দেশটির সিংহভাগ মানুষই ঠিকঠাক তথ্য পাচ্ছে না, অনেকে দূরের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগও করতে পারছে না।   

একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বারবার ইরানি কর্তৃপক্ষকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা বাড়ায় এখন ইন্টারনেট ফের চালুর এ সিদ্ধান্ত হল।