১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেহরানে ইমাম খোমেনি হলে প্রয়াত নেতা ‘খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবে ইরানিরা’

বুধবার রাত থেকে বিদায় জানানো শুরু হবে, তিনদিন ধরে তা চলবে। জানাজা ও দাফনের বিষয়ে পরে জানানো হবে, বলেছেন ইরানের ইসলামী প্রচারণা পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম মাহমুদি।

তেহরানে ইমাম খোমেনি হলে প্রয়াত নেতা ‘খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবে ইরানিরা’
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে বানানো অস্থায়ী বেদী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 05:55 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তেহরান এক অনুষ্ঠানে ইরানিরা শেষ বিদায় জানাবে বলে দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন। 

বুধবার রাত থেকে বিদায় জানানো শুরু হবে, তিনদিন ধরে তা চলবে। জানাজা ও দাফনের বিষয়ে পরে জানানো হবে, ইরানের ইসলামী প্রচারণা পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম মাহমুদি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

হুজ্জাতুল জানান, বুধবার স্থানীয় সময় রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি নামাজের হলে জনসাধারণ প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। 

“মোসাল্লা (নামাজ হল) দর্শণার্থীদের স্বাগত জানাবে এবং প্রিয় জনগণ সেখানে যোগ দিয়ে বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারবে এবং ফের একবার শক্তিশালী উপস্থিতির স্বাক্ষর রাখবে,” ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তার এ মন্তব্য প্রচারিত হয়েছে। 

প্রায় চার দশক ধরে শক্ত হাতে ইরান চালানো আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। সেসময় ইরানের সর্বোচ্চ নেতার বয়স ছিল ৮৬ বছর।

পরে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার রাত থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান কিছু সময় এমনকি কয়েকদিনের জন্যও পিছিয়ে যেতে পারে বলে একাধিক ইরানি গণমাধ্যমে আভাস দেওয়া হয়েছে।

খামেনিকে শ্রদ্ধা জানাতে ইমাম খোমেনি হলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। সম্ভবত নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আরও সময় নেওয়া হচ্ছে, প্রতিবেদনে আভাস মিলেছে।