২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে এজিসিসি।

রাশিয়ায় আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫
দ্য মস্কো টাইমস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 06:26 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) আগুনে অন্তত ১৫ জন নিহত ও ৩৯ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার এ আগুনের ঘটনা ঘটে বলে পরদিন এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে এজিসিসি। 

রয়টার্সের খবরে বলা হয়, বুধবার বিবৃতিতে প্রথমে চীনের ছয় নাগরিকসহ ৭ জনের মৃত্যুর খবর দেয় এজিসিসি। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে তথ্য দিয়েছে তারা। সেখানে বলা হয়, মৃতদের ১৪ জনই বিদেশি। 

বর্তমানে ৩৯ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আহত ৯ জনকে আকাশপথে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে।

দ্য মস্কো টাইমসের বুধবারের খবরে বলা হয়, এজিসিসি রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট সিবু এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ উদ্যোগে নির্মিতব্য। প্রায় ১০ বিলিয়ন ডলারের প্রকল্পটি বিশ্বের অন্যতম বড় পলিমার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। আগামী বছরের শুরুতে চালুর আগে সেখানে শেষ ধাপের পরীক্ষা চলছিল।

এজিসিসি বলছে, পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে প্রথমে আগুনের সূত্রপাত; পরে তা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কমপ্লেক্সের মূল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রাথমিকভাবে ১৯ শ্রমিককে মাঝারি থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ছোটখাট কাটা-ছেঁড়া ও আঘাত নিয়ে আরও ১০৪ শ্রমিক চিকিৎসা নিয়েছেন।

রাশিয়ার ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের বরাতে মস্কো টাইমসের খবরে বলা হয়, এজিসিসিতে আগুনের স্থানীয় বায়ুর মান পর্যবেক্ষণে সভোবোদনি এলাকায় বিষাক্ত রাসায়নিকের মাত্রায় কোনো অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া যায়নি। আমুর অঞ্চলের সরকারও বলেছে, এ ঘটনায় আশপাশের শহরগুলোর বাসিন্দাদের জন্য কোনো হুমকি তৈরি হয়নি।

আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠনেরও তথ্য দিয়েছে এজিসিসি।