Published : 24 Jul 2026, 07:36 PM
জেরুজালেমে এক ভারতীয় শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জেরুজালেমের কাটামন এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ৪০ বছর বয়সি ওই ভারতীয় নাগরিকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের ৩১ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মৃতের পরিচয় এখনও প্রকাশ করেনি ইসরায়েল প্রশাসন।
‘দ্য টাইমস অফ ইসরায়েল’ এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ একটি বাড়ির মেঝেতে ওই ভারতীয় শ্রমিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। চারপাশে ছড়িয়ে ছিল রক্ত।
জেরুজালেমের মোরিয়া থানার প্রধান ইউভাল রিউভেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
ইয়নেট নিউজ এর খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার নেপথ্যে অপরাধমূলক যোগসূত্রের ইঙ্গিত মিলেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দক্ষিণ ইসরায়েল থেকে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি পূর্বপরিকল্পিত খুন নাকি অন্য কোনও কারণে এই মৃত্যু হয়েছে।
ইসরায়েল কর্তৃপক্ষ মৃত ভারতীয় নাগরিকের নাম বা তিনি ভারতের কোন রাজ্যের বাসিন্দা সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা সে বিষয়েও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন এ বিষয়ে বিস্তারিত কোনও মন্তব্য করতে রাজি হয়নি প্রশাসন।
গত কয়েক বছরে ইসরায়েলে ভারতীয় শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলে প্রায় ৩২ হাজার ভারতীয় কর্মরত ছিল।
তাদের মধ্যে প্রায় ১২ হাজার শ্রমিক ২০২৩ সালের অক্টোবরের পর ইসরায়েলে যায়। তাছাড়া ২০২৩ সালের নভেম্বর মাসে ভারত ও ইসরায়েলের মধ্যে সই হওয়া দ্বিপাক্ষীয় শ্রম চুক্তির আওতায় ২০২৪ সালে আরও ৬,৩৬৫ জন ভারতীয় সেখানে কাজের জন্য গেছে।
বাকি শ্রমিকরা বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে ইসরায়েলে কর্মসংস্থান পেয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার ভারতীয় শ্রমিককে ইসরায়েলে পাঠানোর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল।
দুই দেশের সরকারই মনে করে, ভারতীয় শ্রমিকরা মূলত নির্মাণ এবং পরিচর্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করছে।
তবে ভারতীয় শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর ইসরায়েলে কাজ করা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে ভারতের কূটনৈতিক মহল।
পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।