১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিবেদকদের ৯/১১ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ না বলার নির্দেশনা সিবিসির

‘সন্ত্রাসবাদ’ বা সন্ত্রাসবাদী’ শব্দগুলো কেবল কারো বক্তব্যে উদ্ধৃত হলে বা সাক্ষাৎকারদাতা বললে, তবেই ব্যবহার করা হবে।

প্রতিবেদকদের ৯/১১ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ না বলার নির্দেশনা সিবিসির
ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 02:00 AM

Updated : 16 Sep 2026, 01:01 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেদন লেখার সময় একে ‘সন্ত্রাসবাদী হামলা’ না লিখতে তাদের প্রতিবেদকদের নির্দেশনা দিয়েছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি।  

শুক্রবার ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ‘সন্ত্রাসবাদী’ এবং ‘সন্ত্রাসবাদ’ শব্দগুলো ব্যবহারের আগে এমনিতেই সিবিসি সতর্কতা অবলম্বন করে। তারপরও নতুন করে নির্দেশনা প্রসঙ্গে বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়েছেন সিবিসির পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর কেরি কেলি।

তিনি বলেছেন, সিবিসি মনে করে ‘সন্ত্রাসবাদ’ বা সন্ত্রাসবাদী’ শব্দগুলো কেবল কারো বক্তব্যে উদ্ধৃত হলে বা কোনো উৎস বা সাক্ষাৎকারদাতা বললে তবেই ব্যবহার করা হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই হামলায় ২৬ জন কানাডীয়সহ প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিলেন। আগামী মাসের ১১ সেপ্টেম্বর ওই ঘটনার ২৫তম বার্ষিকী পালন করা হবে। 

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘টরোন্টো সান’-এর এক কলামিস্ট তার এক প্রতিবেদন প্রকাশ করেন যে, সিবিসি তাদের সাংবাদিকদের একটি নোট দিয়ে বলেছে, ১১ সেপ্টেম্বরের হামলাকে ‘সন্ত্রাসবাদী’ লেখা যাবে না। তখন থেকেই এই সংবাদমাধ্যমটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলওম্যান ভিকি প্যালানিডো সিবিসির বিরুদ্ধে ৯/১১-এ হামলার শিকার হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের স্মৃতিকে উপেক্ষা করার অভিযোগ তুলেছেন। ২৫ বছর আগের ঘটনাটির গুরুত্বকে খাটো করারও অভিযোগ তোলেন তিনি। 

ভিকি প্যালানিডো বলেন, “সিবিসির এই নির্দেশনাটি অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। গণআস্থার প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে যখন বামপন্থি ও বিদেশি স্বার্থের হাতে তুলে দেওয়া হয়, তখন কী ঘটে এটি তারই একটি নমুনা।

এটি কেবল ৯/১১-এ মারা যাওয়া ব্যক্তিদের স্মৃতির প্রতি চরম অবহেলাই নয়, বরং ইসলামপন্থি রাজনীতির কাছে সরাসরি নতি স্বীকার। সেদিনের ঘটে যাওয়া মৌলিক সত্যকে ক্ষুণ্ণ করার একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রয়াস, বিশেষ করে যখন ইউরোপ, কানাডা এবং যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে ইসলামপন্থি রাজনীতির প্রভাবে জেরে কোনঠাসা হয়ে পড়ছে।”

এর আগে ৯/১১ এর ঘটনায় না হলেও ‘সন্ত্রাসবাদ’ বা সন্ত্রাসবাদী’ শব্দ লেখার ব্যাপারে সতর্ক থাকতে বা এড়িয়ে যেতে মার্কিন সংবাদ সংস্থা এপিও তাদের সাংবাদিকদের নির্দেশনা দিয়েছিল। তাদের দাবি, সন্ত্রাসবাদ হল ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হিংসার ব্যবহার’। তবু ‘সন্ত্রাসবাদ’ এবং ‘সন্ত্রাসবাদী’ শব্দ দুটি এড়িয়ে চলা উচিত। কারণ এই শব্দগুলো রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে এবং প্রায়ই অসঙ্গতভাবে প্রয়োগ করা হয়।