১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিরতির মধ্যে বৈরুতে প্রথম হামলা ইসরায়েলের

এ হামলায় হিজবুল্লাহর অভিজাত সামরিক ইউনিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালুকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

যুদ্ধবিরতির মধ্যে বৈরুতে প্রথম হামলা ইসরায়েলের
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি হামলার বিধ্বস্ত ভবনে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 12:36 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ইসরায়েল গত মাসে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে। 

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বুধবার বৈরুতের দক্ষিণ শহরতলীতে বোমাবর্ষণ করেছে আর হিজবুল্লাহর অভিজাত সামরিক ইউনিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালুকে হত্যার দাবি করেছে।

ইসরায়েল জানিয়েছে, তারা শহরটির দক্ষিণাংশে রাদওয়ান ফোর্সের এক কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে।   

লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে বলেছে, “ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ঘুবাইরিকে লক্ষ্যস্থল করে হামলা চালিয়েছে।” 

ঘুবাইরি বৈরুতের দক্ষিণাংশের শিয়া অধ্যুষিত উপশহর দাহিয়েহের একটি এলাকা। ওই এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণে ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। 

টেলিগ্রামে এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, “রাদওয়ানের সন্ত্রাসীরা ইসরায়েলি বসতিগুলোতে গুলিবর্ষণ ও (ইসরায়েলি সেনাবাহিনীর) সেনাদের ক্ষতি করার জন্য দায়ী। কোনো সন্ত্রাসীর রেহাই নেই- ইসরায়েলের লম্বা হাত প্রত্যেক শত্রু ও হত্যাকারীকে ধরবে।” 

লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে ইসরায়েলি দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৭ এপ্রিল থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম বৈরুতের শিয়া অধ্যুষিত অংশে হামলা চালাল ইসরায়েল। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত ছিল আর একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল।  

আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সবকিছু যখন শান্ত ছিল তখনই বৈরুতের ওই উপশহরে হামলা চালানো হয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই সতর্কতামূলক এই শান্ত পরিস্থিতি বিরাজ করছে। ৯ এপ্রিলের পর থেকে দাহিয়েহে এটিই প্রথম হামলা। 

তিনি বলেন, “যুদ্ধবিরতি চলাকালে বৈরুতে হামলা হবে না, এরকম অলিখিত এক সমঝোতা ছিল। তবে ইসরায়েল বলেছিল, তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে অন্য যে কোনো জায়গায় আক্রমণ করার অধিকার সংরক্ষণ করে তারা।” 

তিনি জানান, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর বহু মানুষ দাহিয়েহে ফিরে এসেছিলেন। আর ভিডিওগুলোতেও ওই এলাকার রাস্তায় বহু মানুষকে দেখা গেছে। 

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবারও তাদের হামলায় ওই দুটি অঞ্চলে অন্তত ১৩ জন নিহত হয়েছে।