১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ সুদান-উগান্ডা সীমান্ত সংঘর্ষে নিহত অন্তত ৬

দু্ই দেশের মধ্যে সীমান্ত অনেক জায়গাতেই স্পষ্টভাবে নির্ধারিত নয়, এ কারণে মাঝেমাঝেই সীমিত আকারে সংঘর্ষ দেখা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 03:55 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

দীর্ঘদিনের মিত্র দক্ষিণ সুদান ও উগান্ডার মধ্যে তাদের যৌথ সীমান্ত এলাকার কাছে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

দু্ই দেশের মধ্যে সীমান্ত অনেক জায়গাতেই স্পষ্টভাবে নির্ধারিত নয়, এ কারণে মাঝেমাঝেই সীমিত আকারে সংঘর্ষ দেখা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

দক্ষিণ সুদানের কাজো কেজি এলাকায় সোমবার দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় সাউথ সুদান পিপলস ডিফেন্স ফোর্সের (এসএসপিডিএফ) ৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের কর্মকর্তারা।

অন্যদিকে উগান্ডা সেনাবাহিনীর মুখপাত্র ফেলিক্স কুলাইয়িগিয়ে জানান, এসএসপিডিএফের সেনারা উগান্ডার পশ্চিম নীল এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করেছিল এবং জায়গাটি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিল। 

এর ধারাবাহিকতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে, তাতে উগান্ডার এক সেনা নিহত হয়েছে। 

উগান্ডা দীর্ঘদিন ধরেই দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কীরের প্রতি অনুগত বাহিনীকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তারা দক্ষিণ সুদানের স্বাধীনতা আন্দোলনে সহায়তা করেছে। 

২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে, পরবর্তীতে গৃহযুদ্ধের সময়ও উগান্ডা কীরের বাহিনীকে সমর্থন করেছে। 

কাজো-কেজি কাউন্টি এক বিবৃতিতে বলেছে, ট্যাঙ্ক ও কামান দিয়ে উগান্ডার সেনাদের আচমকা আক্রমণে ৫ এসএসডিডিএফ সেনা নিহত হয়েছে। 

দক্ষিণ সুদানের সেনাবাহিনী সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা নিশ্চিত করেছে, তবে কতজন নিহত হয়েছে তা বলেনি। 

বিদ্যমান যৌথ সীমান্ত কমিটি সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলোর পুনরাবৃত্তি রোধ করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার উপায় খতিয়ে দেখবে, বলেছেন এসএসপিডিএফের মুখপাত্র লুল রুয়াই কোয়াং। 

কীর এবং তার প্রতিদ্বন্দ্বী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের মধ্যে নড়বড়ে সম্পর্ক ভেঙে পড়ার পর দক্ষিণ সুদান রাজধানী জুবার নিরাপত্তা জোরদারে সহায়তা করতে উগান্ডার সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছিল।