১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় মার্কেটে ঢুকে পড়ল চলন্ত ট্রাক, ২ জনের মৃত্যু

চলন্ত ট্রাকটি মার্কেটের একটি হাঁটা পথ ধরে সবকিছু গুড়িয়ে ১৫০ মিটার ভেতরে চলে যাওয়ার পর থামে।

দক্ষিণ কোরিয়ায় মার্কেটে ঢুকে পড়ল চলন্ত ট্রাক, ২ জনের মৃত্যু
মার্কেটের ভেতরে ঢুকে পড়া ট্রাক। ছবি: বুচেন দমকল বাহিনী

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

দক্ষিণ কোরিয়ার এক মার্কেটে চলন্ত একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু ও ১৮ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাজধানী সিউল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে বুচেনে ঘটনা ঘটেছে, স্থানীয় টেলিভিশনের খবরের বরাতে জানিয়েছে রয়টার্স। 

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, চলন্ত ট্রাকটি মার্কেটের একটি হাঁটা পথ ধরে সবকিছু গুড়িয়ে ১৫০ মিটার ভেতরে চলে যাওয়ার পর থামে। ওই পথে অনেকগুলো ছোট ছোট অস্থায়ী দোকান ছিল।  

বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, এই ঘটনায় দুই ব্যক্তির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তাদের মৃত্যু হয়েছে বলে পরে নিশ্চিত হয়। 

এক দমকল কর্মকর্তা জানান, পিকআপ ট্রাকটি খোলা মার্কেটটির দিকে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার আগে পেছন দিকে ২৮ মিটারের মতো গিয়েছিল বলে ধারণা পাওয়া যাচ্ছে। 

তিনি জানান, হঠাৎ করে গতি বাড়িয়ে এই ঘটনা ঘটানোর জন্য চালককে দায়ী করা হচ্ছে। এই ঘটনার কারণ বের করতে কর্তৃপক্ষ ট্রাকটি তদন্তকারীদের হাতে তুলে দেবে।  

এক ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সময় চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে অ্যালকোহল পরীক্ষা করা হয়েছে কিন্তু তেমন কোনো আলামত পাওয়া যায়নি।  

কোরিয়ার টেলিভিশনগুলোতে এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তাতে দেখা গেছে, ক্রেতারা একটি খোলা মার্কেটের ভেতর ঢুকছেন আর ওই সময় একটি নীল রঙের পিকআপ ট্রাক ছোট ছোট দোকান বসানো হাঁটাপথ দিয়ে দ্রুতগতিতে ভেতরে ঢুকে পড়ে একটি দোকানে গিয়ে ধাক্কা খাচ্ছে। 

পুলিশ ট্রাকটির ষাটোর্ধ্ব চালকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।