Published : 29 Apr 2026, 01:08 PM
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সীমিত সংখ্যক স্মারক পাসপোর্ট বানাতে যাচ্ছে, যেখানে ডনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের পছন্দ বা তার নামকে রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ, স্থাপনা ও নথিতে যুক্ত করেই যাচ্ছে; এটি তার সর্বশেষ উদাহরণ, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
জুলাইয়ে যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা ঘোষণার আড়াইশ বছর উদ্যাপন করতে যাচ্ছে, তার অংশ হিসেবেই এই সীমিত সংখ্যক পাসপোর্ট ছাড়া হবে, মঙ্গলবার এমনটাই বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট।
তবে তার এ বিবৃতিতে স্মারক পাসপোর্টগুলোতে যে ট্রাম্পের ছবি থাকছে, তা বলা হয়নি।
পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারক পাসপোর্টের নকশার যে ডিজিটাল নমুনা ছবি প্রকাশ করেছে তাতে পাসপোর্টের ভেতরে এক জায়গায় ট্রাম্পের প্রতিকৃতি দেখা যাচ্ছে, যার উল্টো পৃষ্ঠায় থাকছে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষরের ছবি।
“এসব পাসপোর্টের নকশা হবে বিশেষ ও ছবিসমৃদ্ধ, সঙ্গে আগের সব নিরাপত্তা বৈশিষ্ট্যও থাকবে, যা মার্কিন পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে নিরাপদ কাগজে পরিণত করেছে,” বলেছেন পিগোট।
মার্কিন নাগরিকরা চাইলে এ স্মারক পাসপোর্টের বদলে সাধারণ সংস্করণ নিতে পারবেন কিনা, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ স্মারক পাসপোর্টের জন্য অতিরিক্ত কোনো ফি গুনতে হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
এর আগে মার্কিন টাকশাল স্বাধীনতার আড়াইশ বছর পূর্তিতে ট্রাম্পের ছবি সম্বলিত একটি স্মারক সোনার মুদ্রা ছাড়ার পরিকল্পনা ঘোষণা করেছিল। একই উপলক্ষে ট্রাম্পের স্বাক্ষর সম্বলিত কাগুজে মুদ্রাও বাজারে আসছে। এর আগে মার্কিন ডলার কখনোই দায়িত্ব পালনরত কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর ছিল না।
গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রশাসন এরই মধ্যে ওয়াশিংটনের বিখ্যাত কিছু ভবনের সঙ্গে তার নাম জুড়ে দিয়েছে। নৌবাহিনীর যুদ্ধজাহাজের নতুন একটি শ্রেণি, ধনী বিদেশিদের জন্য ভিসা কর্মসূচি, সরকার-পরিচালিত ওষুধের ওয়েবসাইট এবং শিশুদের জন্য কেন্দ্রীয় সঞ্চয়ী হিসাবের নামও ট্রাম্পের নামে রাখা হয়েছে।