পাকিস্তানের হামলায় শিশুসহ ১৩ জন নিহত: আফগানিস্তান
আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে ১১ জনই শিশু।
আফগানিস্তান তাদের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের আকাশ হামলা চালিয়ে শিশুসহ অন্তত ১৩ জনকে হত্যার অভিযোগ করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত বেশ কিছুদিন অপেক্ষাকৃত শান্ত থাকার পর মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এটি কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে ১১ জনই শিশু। বাকি দুইজেনের মধ্যে একজন নারী ও অপরজন বৃদ্ধ একজন পুরুষ।
এসব হামলার ঘটনায় আরও ১৪ নারী ও শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক্স এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “এই মানবতাবিরোধী অপরাধ ও আগ্রাসনের তীব্র নিন্দা জানাই আমরা।”
এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি।
এর আগে আফগানিস্তানে চালানো হামলাগুলোর দায় স্বীকার করেছিল পাকিস্তান। তখন তারা বলেছিল, প্রতিবেশী দেশটিতে আশ্রয় নিয়ে থাকা পাকিস্তান তালেবানের (টিটিপি) যোদ্ধাদের লক্ষ্যস্থল করেছে তারা।
খোস্ত প্রদেশের একজন কর্মকর্তা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, স্পাইরা জেলায় এক বাড়িতে হানা আঘাতে নয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
প্রতিবেশী পাকতিকা প্রদেশের স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, বারমাল জেলার পৃথক আরেক হামলায় তিনি বেসামরিক নিহত হয়েছে। আকাশ হামলায় একটি বাড়িতে আঘাত হানা হয় আর সেখানে নিহতরা সবাই শিশু।
এর একদিন আগে সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের হাসান খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর এক পোস্টে হামলা চালিয়েছিল সন্দেহভাজন টিটিপির সদস্যরা। হাসান খেল এলাকাটি আফগানিস্তানের সীমান্তবর্তী। এই হামলার সময় বন্দুকধারীদের সঙ্গে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর এফসি-র সদস্যদের তীব্র বন্দুক লড়াই শুরু হয় আর তাতে এফসি-র ছয় সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
