০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেপালের অন্তর্বর্তী নেতা বেছে নিতে তরুণ আন্দোলনকারীদের সঙ্গে বসছে সেনাবাহিনী

আন্দোলনকারীরা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন। তারা কার্কির সঙ্গে পরামর্শও করেছেন।

নেপালের অন্তর্বর্তী নেতা বেছে নিতে তরুণ আন্দোলনকারীদের সঙ্গে বসছে সেনাবাহিনী
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ‘খুনীদের ফাঁসি চাই!’ লেখা একটি গ্রাফিতির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 02:32 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

নেপালে সহিংস বিক্ষোভের মুখে ক্ষমতাসীন সরকার পদত্যাগ করার পর দেশের অন্তর্বর্তী প্রধান কে হবেন, সে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার ‘জেন জি’ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সেনাবাহিনী। 

সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত রয়টার্সকে বলেছেন, “প্রাথমিক আলোচনা চলমান আছে আর আজকেও চলবে। আমরা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।” 

প্রধানমন্ত্রী কেপি শর্মার ওলির পদত্যাগের কারণে নেতৃত্বশূন্য হয়ে যাওয়া নেপালে আপাতত সেনাবাহিনীই অস্থির পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 

কাঠমাণ্ডুর জনশূন্য রাস্তাগুলোতে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স 

কাঠমাণ্ডুর জনশূন্য রাস্তাগুলোতে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা

ওলির সরকার নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির তরুণরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তোলার ও সরকারের দুর্নীতি-স্বজনপ্রীতির বন্ধের দাবিতে সোমবার বিক্ষোভে নামে। এরপর সহিংস প্রতিবাদের মধ্যে ১৯ জন নিহত হলে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী।  

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী কাঠমাণ্ডুর জনশূন্য রাস্তাগুলোতে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। 

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সহিংস প্রতিবাদে নিহতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১০৩৩ জন। 

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার প্রায় সারাদিনের জন্য কাঠমাণ্ডু ও এর আশপাশের এলাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ বহাল থাকবে। 

কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।  

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ছবি: রয়টার্স 

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা

আন্দোলনকারীদের অধিকাংশ তরুণ হওয়ায় বিক্ষোভটিকে সাধারণভাবে ‘জেন জি’ প্রতিবাদ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হচ্ছে ও অর্থনৈতিক সুযোগও বাড়াতে পারছে না, এমন উপলব্ধিতে এসব তরুণরা হতাশা প্রকাশ করেছে। 

নেপালের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রমন কুমার কর্ণ জানিয়েছেন, আন্দোলনকারীরা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন। তারা কার্কির সঙ্গে পরামর্শও করেছেন।   

কার্কি ভারতীয় টেলিভিশন নিউজ চ্যানেল সিএনএন-নিউজ১৮ কে বলেছেন, “তারা আমাকে অনুরোধ করার পর আমি তা গ্রহণ করেছি।” 

প্রতিবাদকারীরা সুপ্রিম কোট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাড়িসহ অধিকাংশ সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয়। এমনকী ওলির ব্যক্তিগত বাড়িও রেহাই পায়নি। প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করার পর এসব সহিংসতা কমে আসে।  

বিক্ষোভকারীরা কাঠমাণ্ডুর হিলটন হোটেলের পাশাপাশি পযটন শহর পোখরার কয়েকটি হোটেলেও অগ্নিসংযোগ করে। 

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি

নেপালে বিক্ষোভ 'ছিনতাই হয়েছে', আক্ষেপ জেন-জি'র, সড়কে সেনা টহল