১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্ডাই সৈকতে হামলা: আদালতে সন্দেহভাজন বন্দুকধারীর প্রথম হাজিরা

সিডনির একটি আদালতে সংক্ষিপ্ত শুনানিতে নাভিদ আকরাম গুলবার্ন কারেকশনাল সেন্টার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দেন।

বন্ডাই সৈকতে হামলা: আদালতে সন্দেহভাজন বন্দুকধারীর প্রথম হাজিরা
সিডনির বন্ডাই সৈকতে হামলার পরদিন বন্ডাই প্যাভিলিয়নের বাইরে পুলিশি পাহারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 12:36 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

সিডনির সুপরিচিত বন্ডাই সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব উদ্‌যাপনের মধ্যে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যার অভিযোগে আটক যুবক প্রথমবার আদালতে হাজিরা দিয়েছেন। 

সোমবার নাভিদ আকরাম নামের ওই ২৪ বছর বয়সী সন্দেহভাজন অনলাইনের মাধ্যমে হাজিরা দিয়েছেন বলে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

১৪ ডিসেম্বর বন্ডাই সৈকতে হামলার ঘটনায় নাভিদ ১৫টি হত্যা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪০ জনকে আহত করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় মোট ৫৯টি অভিযোগের মুখোমুখি হবেন। 

তিনি ও তার বাবা, ৫০ বছর বয়সী সাজিদ দুজনই সৈকতে ওই ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটান বলে অভিযোগ পুলিশের। সাজিদ ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

সোমবার সিডনির একটি আদালতে সংক্ষিপ্ত শুনানিতে নাভিদ গুলবার্ন কারেকশনাল সেন্টার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দেন। 

সিডনির দক্ষিণপশ্চিমে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা সমৃদ্ধ এ কারাগারেই নাভিদকে রিমান্ডে রাখা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলীয় গণমাধ্যম। 

নাভিদ কারাগারের সবুজ পোশাক পরেছিলেন এবং শুনানির বেশিরভাগ সময়ই তিনি নীরবে বসে ছিলেন। হতাহতদের বিস্তারিত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা শুনেছিলেন, এটুকু স্বীকার করার সময়ই খানিকটা কথা বলেন তিনি। 

আদালতের বাইরে নাভিদের আইনজীবী বেন আর্চবোল্ড বলেন, কারাগারের ‘কঠিন পরিস্থিতির মধ্যেও’ তার মক্কেল ‘যতটা ভালো থাকা যায়, আছেন’। 

নাভিদ দোষ স্বীকার করবেন কিনা, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে মক্কেলের এখনও হামলা বিষয়ে বিস্তারিত কথাই হয়নি। 

“হামলার বিষয়ে তার সঙ্গে আমি এখনো কথা বলিনি। আপাতত কেবল আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা মামলা সংক্রান্ত কাগজপত্রের জন্য অপেক্ষা করছি, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না,” বলেছেন তিনি।  

আর্চবোল্ড জানান, তিনি কারাগারে গিয়ে নাভিদের সঙ্গে দেখা করেছেন। 

“তিনি একজন মক্কেল, যার যথাযথ প্রতিনিধি থাকা প্রয়োজন। আমরা আমাদের ব্যক্তিগত মতকে পেশাগত দায়িত্বপালনে বাধা হয়ে দাঁড়াতে দিতে পারি না। মামলাটি মুলতুবি হয়েছে, এর চেয়ে বেশি বলার কিছু নেই,” সাংবাদিকদের এমনটাই বলেন আর্চবোল্ড।

এপ্রিলে ফের মামলাটি আদালতে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।