Published : 07 Jul 2026, 08:45 PM
পাকিস্তানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন বলে বিবিসি উর্দুকে জানিয়েছেন এক স্থানীয় সরকারি কর্মকর্তা।
পুলিশের উপ কমিশনার আবদুল কুদ্দুস আসাকজাই জানিয়েছেন, জিয়ারত জেলায় কয়েকশ কোটি ডলারের একটি নির্মাণাধীন বাঁধ এলাকায় পুলিশ টহল দেওয়ার সময় তাদের ওপর অতর্কিতে বন্দুক হামলা হয়।
নিহত পুলিশ সদস্যদের মধ্রে দুই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং নিখোঁজ কর্মকর্তাদের খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান চলছে।
হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। বেলুচিস্তান কর্মকর্তারা বলেছেন, জিয়ারতে এই হামলার জবাবে নিরাপত্তা কর্মকর্তারা জঙ্গিমুক্তকরণ অভিযানের আওতায় পাকিস্তানি তালেবান (টিপিপি) গোষ্ঠীর ১৫ সদস্যকে হত্যা করেছে।
পুলিশের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলের কাছেই জাতীয় মহাসড়ক বরাবর বিক্ষোভ শুরু হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বন্দুক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “নিহত হওয়া কর্মকর্তারা আমাদের জাতির গর্ব ছিলেন।” কর্মকর্তারা জানিয়েছেন, হামলার শিকার হওয়া পুলিশ কর্মকর্তারা মাঙ্গি বাঁধ নির্মাণ এলাকা পাহারা দিচ্ছিলেন। বেলুচিস্তানের রাজধানী শহর কোয়েটায় পানি স্বল্পতা দূর করার জন্য এই বাঁধ নির্মাণ করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান আফগানিস্তান এবং ইরান সীমান্ত সংলগ্ন একটি প্রদেশ। সেখানে দশকের পর দশক ধরে অস্থিরতা বিরাজ করছে। বেলুচিস্তানের স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তান সরকারের কাছ থেকে বৃহত্তর স্বায়ত্বশাসন দাবি করে আসছে।
গত মে মাসে স্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, সামরিক কর্মকর্তাদেরকে বহনকারী একটি ট্রেনে হামলার নেপথ্যে ছিল বেলুচিস্তান লিবারেশন আর্মি বিচ্ছিন্নতাবাদীরা। ওই হামলায় ২০ জন নিহত হয়।