১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রিটেনের উইন্ডসর ক্যাসলের দেয়ালে ট্রাম্প-এপস্টিনের ছবি প্রদর্শন, গ্রেপ্তার ৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছানোর দিনই এই ঘটনা ঘটে।

ব্রিটেনের উইন্ডসর ক্যাসলের দেয়ালে ট্রাম্প-এপস্টিনের ছবি প্রদর্শন, গ্রেপ্তার ৪
ব্রিটেনের রাজকীয় উইন্ডসর প্রাসাদের একটি টাওয়ারের দেয়ালে প্রক্ষেপিত ছবিতে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 11:26 AM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ব্রিটেনের রাজকীয় উইন্ডসর প্রাসাদের দেয়ালে প্রজেক্টরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কিছু ছবি প্রদর্শন করে চার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। 

মঙ্গলবার ব্রিটেনের স্থানীয় সময় রাতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছান। এ দিনই ওই ঘটনাগুলো ঘটে।  

এই সফরে মার্কিন প্রেসিডেন্টকে ব্রিটেনের রাজা চার্লস বুধবার এই উইন্ডসর প্রাসাদেই জাঁকজমকের সঙ্গে স্বাগত জানাবেন। এই প্রাসাদটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে। 

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দিনের শুরুতে প্রতিবাদকারীরা উইন্ডসর প্রাসাদের কাছে ট্রাম্প ও এপস্টিনের ছবি সম্বলিত এক বিশাল ব্যানার টাঙিয়ে দেয়, পরে রাতে তারা প্রাসাদটির টাওয়ারগুলোর দেয়ালে এই দুজনের বেশ কিছু ছবি প্রদর্শন করে।   

ব্রিটিশ প্রিন্স এন্ড্রুর সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ছবিও উইন্ডসর প্রাসাদের দেয়ালে প্রদর্শিত হয়। ছবি: রয়টার্স

ব্রিটিশ প্রিন্স এন্ড্রুর সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ছবিও উইন্ডসর প্রাসাদের দেয়ালে প্রদর্শিত হয়

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডসর প্রাসাদে একটি ‘অননুমোদিত প্রক্ষেপণের’ পর ‘বিদ্বেষপূর্ণ যোগাযোগের’ সন্দেহে চার প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাটিকে ‘জনসাধারণ ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য করা দুঃসাহসিক কাজ’ বলে বর্ণনা করেছে। গ্রেপ্তার চারজন পুলিশ হেফাজতে আছেন। 

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা ৮ সেপ্টেম্বর একটি জন্মদিনের চিঠি প্রকাশে আনেন। এই চিঠিটি ২০ বছরেরও বেশি আগে ট্রাম্প এপস্টিনকে লিখেছিলেন বলে অভিযোগ। যদিও চিঠিটি সত্য নয় বলে দাবি করেছে হোয়াইট হাউজ। 

এই চিঠিটিও উইন্ডসর প্রাসাদের দেয়ালে প্রদর্শন করা হয়েছে। এর পাশাপাশি এপস্টিনের যৌন অপরাধে ক্ষতিগ্রস্তদের ছবি, তার মামলা নিয়ে হওয়া সংবাদের অনুলিপি এবং পুলিশের প্রতিবেদনও প্রদর্শন করা হয়।  

‘এভরিওয়ান হেইটস ইলন’ নামের একটি গোষ্ঠী উইন্ডসর টাউনে ট্রাম্পের সফরের প্রতিবাদ করে। ছবি: রয়টার্স   

‘এভরিওয়ান হেইটস ইলন’ নামের একটি গোষ্ঠী উইন্ডসর টাউনে ট্রাম্পের সফরের প্রতিবাদ করে

এই চিঠি প্রকাশ হওয়ায় নতুন করে এমন এক বিষয়ে সবার মনোযোগ আকর্ষিত হয় যা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষের জন্য একটি রাজনৈতিক কাঁটা হয়ে উঠেছে।  

এই বিষয়টি থেকে সরে আসার জন্য ট্রাম্প তার সমর্থকদের আহ্বান জানালেও, এপস্টিনের অপরাধ বিস্তারিত জানার ও আর করা কারা তার এ অপরাধের বিষয়গুলো জানতেন অথবা এর সঙ্গে যুক্ত ছিলেন তা জানার আগ্রহ তুঙ্গেই থেকে যায়। 

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে এপস্টিনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। কিন্তু ২০১৯ সালে কারাগারে এপস্টিনের মৃত্যু হওয়ার আগেই তীব্র মতবিরোধে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। 

ওই জন্মদিনের চিঠিতে ট্রাম্প ও এপস্টিনের মধ্যে কথিত কথোপকথনের কথা লেখা ছিল। এতে ট্রাম্প এপস্টিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে লিখেন, “শুভ জন্মদিন। তোমার প্রতিটি দিনই যেন আরেকটি সুন্দর গোপনীয়তায় ভরে ওঠে।”

চিঠিটিতে মার্কার দিয়ে হাতে আঁকা এক নগ্ন নারীর স্কেচ ছিল আর নিচে ‘ডনাল্ড’ নামে ট্রাম্পের স্বাক্ষরও ছিল বলে প্রকাশিত খবরে জানা গেছে।