Published : 13 Jul 2026, 12:19 AM
হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি দাবি করছে। ইরান বারবার হামলার মুখে জলপথটি বন্ধ করে দেওয়ার দাবি করলেও যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালি এখনও খোলা রয়েছে।
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে, ওই প্রণালি উন্মুক্ত রাখতে পাহারায় রয়েছে তারা যাতে জাহাজ অবাধে যাতায়াত করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি খারিজ করে দিয়ে ইরান বলেছে, তাদের অনুমোদন ছাড়া কোনও জাহাজই হরমুজ পেরোতে পারবে না।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র দাবি করে, তারা ইরানের বিভিন্ন স্থানে ১৪০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর হামলার জবাবে এসব অভিযান চালানো হয় বলে ভাষ্য মার্কিন কর্মকর্তাদের।
ওদিকে ইরান জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আঞ্চলিক বিভিন্ন দেশগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে।
তারা জানায়, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলা করেছে।
রোববার এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হরমুজ প্রণালির আশপাশের বিভিন্ন স্থানে আইআরজিসি-র স্পিডবোট লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানান তিনি।
ওদিকে, ইরানের সংবাদসংস্থা জানায়, রোববার বিকালে ‘শত্রুপক্ষ’ কেশম দ্বীপের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার হরমুজ বন্ধ করার কথা জানিয়েছিল ইরান। তবে ইরান যে সব জাহাজকে হরমুজ ব্যবহারের ছাড়পত্র দেবে, সেগুলো ওই প্রণালি পেরোতে পারবে বলে জানানো হয়েছিল।
গত কয়েক দিন ধরেই হরমুজে জাহাজে হামলার একাধিক ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘর্ষ চলছে। ট্রাম্প যুদ্ধবিরতি শেষ বলেও ঘোষণা দিয়ে দিয়েছেন। অভিযোগ, সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে ইরান বার বার হরমুজ প্রণালিতে হামলা চালাচ্ছে।
এর জবাবে মার্কিন বাহিনীও ইরানকে নিশানা করেছে বারবার। এই নতুন উত্তেজনা গত মাসে দুইপক্ষের মধ্যে সই হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
চুক্তির লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে সংঘাত নিরসনের পথ তৈরি করা। যদিও ট্রাম্প যুদ্ধবিরতি শেষ বলে দিলেও ওয়াশিংটন জানিয়েছে, কূটনৈতিক আলোচনা এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং মধ্যস্থতাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।