১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের মাধ্যমে নেটো, ইইউ ‘সত্যিকারের যুদ্ধ’ চালাচ্ছে, অভিযোগ রাশিয়ার

যুক্তরাজ্য তার এ অভিযোগ খারিজ করে দিয়ে একে ‘মিথ্যা কল্পনাজগতের বিকৃত তথ্য’ আখ্যা দিয়েছে।

ইউক্রেইনের মাধ্যমে নেটো, ইইউ ‘সত্যিকারের যুদ্ধ’ চালাচ্ছে, অভিযোগ রাশিয়ার
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 02:37 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ইউক্রেইনকে ব্যবহার করে নেটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ‘সত্যিকারের যুদ্ধ’ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন মস্কোর শীর্ষ ‍কূটনীতিক সের্গেই ল্যাভরভ। 

বৃহস্পতিবার জি২০ জোটের পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

যুক্তরাজ্য তার এ অভিযোগ খারিজ করে দিয়ে একে ‘মিথ্যা কল্পনাজগতের বিকৃত তথ্য’ আখ্যা দিয়েছে। 

ল্যাভরভ এই অভিযোগ করেন জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভাষণের দুইদিন পর। ওই ভাষণে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে ইউক্রেইনের যুদ্ধ প্রচেষ্টার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, নেটো জোটের উচিত তাদের আকাশসীমায় প্রবেশ করা রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা। 

নেটোর বিমান পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়া রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করার এক সপ্তাহ পরেই এস্তোনিয়া তাদের আকাশসীমায় মস্কো তিনটি যুদ্ধবিমান পাঠিয়েছে বলে অভিযোগ করেছে। এসব নিয়ে ইউরোপের পূর্ব পাশজুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। 

“আরেকটি স্পষ্ট উদাহরণ হল ইউক্রেইনে পশ্চিমাদের প্ররোচিত সঙ্কট, যেখানে নেটো ও ইইউ মিলে ইতিমধ্যে আমার দেশের বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা সেখানে সরাসরি জড়িত,” বলেছেন ল্যাভরভ।

দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ল্যাভরভ আগেও এমন মন্তব্য করেছিলেন। কিন্তু জাতিসংঘ ভবনের চার দেয়ালের ভেতর, জি২০ পররাষ্ট্র মন্ত্রীদের সামনে করা তার এই মন্তব্যের গুরুত্ব ইউক্রেইন যুদ্ধ ঘিরে উত্তেজনায় নতুন মাত্রা দিচ্ছে। 

তিনি তার বক্তৃতায় কয়েকদিন আগে করা মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যগুলোর উল্লেখ করেননি, এর বদলে তিনি রাশিয়ার দীর্ঘদিনের অবস্থানই পুনর্ব্যক্ত করেন, যার সারমর্ম হচ্ছে- পশ্চিমাদের কর্মকাণ্ডই ইউক্রেইনে যুদ্ধ উসকে দিয়েছে। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার রুশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে ইউক্রেইনে ‘বিনা উসকানিতে আগ্রাসী যুদ্ধ’ চালানোয় রাশিয়ার নিন্দা করেছেন।

“যুদ্ধের কারণ নিয়ে ‍রুশ প্রতিনিধি যতই মিথ্যা কল্পনাজগতের বিকৃত তথ্য, অপতথ্য ও অপপ্রচার করুন না কেন, তা কারোই মন জয় করতে পারবে না,” বলেছেন তিনি। 

রুশ বাহিনীর হাতে এখন যুদ্ধ পূর্ববর্তী ইউক্রেইনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড আছে। 

ইউরোপের পররাষ্ট্র নীতি বিষযক প্রধান কায়া কালাস ক্রেমলিনের ওপর তুমুল আন্তর্জাতিক চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

“ইউক্রেইনকে পদানত করার যে লক্ষ্য রাশিয়ার, তা বদলেছে এমন কোনো লক্ষণ নেই,” বলেছেন তিনি।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্পও ফের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। বলেছেন, ইউক্রেইনে যুদ্ধে রাশিয়া ‘খুবই খারাপ’ অবস্থায় রয়েছে। 

বুধবার ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। শনিবার তার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা।