২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্র, ব্রিটেন শুল্ক নিয়ে চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে

তবে ব্রিটেন মার্কিন উৎপাদকদের তাদের বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ দিতে নিজেদের খাদ্য মান হ্রাস করতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন শুল্ক নিয়ে চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বৃহস্পতিবার কিছু পণ্যের শুল্ক হ্রাস করার একটি চুক্তির ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে দেশগুলোর ওপর শুল্ক আরোপের পর এই প্রথম এ ধরনের একটি চুক্তি হচ্ছে। 

সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় ‘বড় ও অত্যন্ত সম্মানিত একটি দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি’ নিয়ে ওভাল দপ্তরে সংবাদ সম্মেলন করবেন।  

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি নিয়ে হালনাগাদ তথ্য জানাবেন। আর বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই ব্রিটিশ জানিয়েছেন, একটি চুক্তির রূপরেখা ঘোষণা করা হবে।  

মঙ্গলবার এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ স্টিল ও মোটরগাড়ির মতো রপ্তানির একাংশের ওপর শুল্ক হ্রাস নিয়ে সমঝোতায় পৌঁছতে কাজ করছে। এই দুটি রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র ২৫ শতাশ শুল্ক আরোপ করেছে। 

এর বিনিময়ে ব্রিটেন মার্কিন গাড়ির ওপর আরোপ করা শুল্ক ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করা ডিজিটাল বিক্রয় কর হ্রাস করতে সম্মত হতে পারে। তবে ব্রিটেন মার্কিন উৎপাদকদের বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ দিতে নিজেদের খাদ্য মান হ্রাস করতে রাজি হয়নি।  

রয়টার্স জানিয়েছে, ব্রিটেনসহ বিশ্বের অধিকাংশ দেশের ওপর ট্রাম্পের আরোপ করা ‘ভিত্তিমূলক’ ১০ শতাংশ শুল্কের বিষয়টির কী হবে তা পরিষ্কার হয়নি।  

দুই দেশের মধ্যে যে কোনো চুক্তির সম্ভাব্য সংকীর্ণ প্রকৃতি সত্ত্বেও এটি উভয়ের জন্য রাজনৈতিভাবে উল্লেখযোগ্য হবে। 

ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের ওপর শুল্ক আরোপ করে মূল্যস্ফীতির ঝুঁকি উস্কে দিয়েছেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর করে দিয়েছেন। এতে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে ট্রাম্প তা স্তিমিত করেন কি না, বিনিয়োগকারীরা তা দেখার জন্য তাকিয়ে আছেন। 

ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক নতুন করে সাজানোর উদ্যোগকে ক্ষতিগ্রস্ত না করেই ট্রাম্পের শুল্কের কারণে হওয়া মারাত্মক ক্ষতি এড়ানোর চেষ্টা করছে। চলতি সপ্তাহের প্রথমদিকে ব্রিটেন ভারতের সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে।