১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের খারকিভে রাশিয়ার হামলায় নিহত ৩, আহত ১৭

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে দ্রুত একটি চুক্তি করতে কিইভকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তার মধ্যেই এ হামলা হল।

ইউক্রেইনের খারকিভে রাশিয়ার হামলায় নিহত ৩, আহত ১৭
ইউক্রেইনের খারকিভ অঞ্চলের আবাসিক এলাকায় হামাগুলো চালানো হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 01:12 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ইউক্রেইনের খারকিভ অঞ্চলের আবাসিক এলাকায় রাতে রাশিয়ার আকাশ হামলায় শিশু বাচ্চাসহ তিনজন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছেন, জানিয়েছে ইউক্রেইনীয় কর্তৃপক্ষ।   

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে দ্রুত একটি চুক্তি করতে কিইভকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তার মধ্যেই এ হামলা হল। 

বৃহত্তর খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ টেলিগ্রাম অ্যাপে বলেছেন, সোমবার ভোরে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহরে ড্রোন হামলার দুই বছর বয়সী একটি ছেলে শিশু নিহত হয়েছে, এর আগের দিন রাতে শহরটিতে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এসব হামলায় আহতের সংখ্যা ‘ধারাবাহিকভাবে বাড়ছে’ বলে জানিয়েছেন তিনি।  

ইউক্রেইনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন। ছবি: রয়টার্স 

ইউক্রেইনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন

খারকিভ শহরের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, ওই দুই হামলায় আরও দুইজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় থেকে ১৭ বছর বয়সী ছয়টি শিশু আছে।     

সোমবার ভোরে এক পোস্টে তিনি বলেছেন, “এই মাত্র ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে: তিনি জীবিত আছেন।” 

আরও কেউ কেউ ওই ধ্বংধ্বস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে সতর্ক করেছেন তিনি; জানিয়েছে রয়টার্স। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধের সূচনা হয়। তারপর থেকে রুশ বাহিনী ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।  

সিনেহুবভ জানান, রোববার রাতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘরের প্রায় এক হাজারটি জানালা ভেঙে পড়েছে। টেলিগ্রামে ইউক্রেইনের জরুরি পরিষেবা জানিয়েছে, এসব বাড়িঘরের কিছু বাসিন্দাকে সরিয়ে নিতে হবে। 

আহত একজনকে উদ্ধার করা হচ্ছে। ছবি: রয়টার্স

আহত একজনকে উদ্ধার করা হচ্ছে

খারকিভের প্রতিবেশী অঞ্চল সুমিতে রাশিয়ার আরেক হামলায় দুইজন আহত হন। এ হামলায় অন্তত এক ডজন বাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ হামলায় রাশিয়া কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে রয়টার্স তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

যুদ্ধে তারা বেসামরিকদের লক্ষ্যস্থল করছে না বলে উভয়পক্ষ দাবি করে আসছে। কিন্তু তারপরও হাজার হাজার বেসামরিকের মৃত্যু হচ্ছে, যাদের অধিকাংশই ইউক্রেইনীয়। 

প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেইনকে অস্ত্র, অর্থসহ সব ধরনের সমর্থন দিয়ে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। যুদ্ধ বন্ধ করার লক্ষ্য নিয়ে হওয়া এ বৈঠকের পর ট্রাম্প কিইভকে মস্কোর সঙ্গে একটি চুক্তি করে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “রাশিয়া খুব বড় একটি শক্তি আর তারা (ইউক্রেইন) তা নয়।”   

আরও পড়ুন: 

জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে পারেন যদি তিনি তা চান: ট্রাম্প

এখনকার 'ফ্রন্ট লাইন' ধরেই শান্তি আলোচনা শুরু হওয়া উচিত: জেলেনস্কি