২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আদিবাসী বিক্ষোভকারীদের কপ৩০ ভেন্যুতে ঢুকতে বাধা, সংঘর্ষ

বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, “আমাদের জমি বিক্রির জন্য নয়।”

আদিবাসী বিক্ষোভকারীদের কপ৩০ ভেন্যুতে ঢুকতে বাধা, সংঘর্ষ
কপ৩০-এর সম্মেলনস্থলে কয়েক ডজন আদিবাসী বিক্ষোভকারীকে ঢুকতে বাধা দেওয়ার পর তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির খবর পাওয়া গেছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ব্রাজিলে চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ৩০-এর সম্মেলনস্থলে কয়েক ডজন আদিবাসী বিক্ষোভকারীকে ঢুকতে বাধা দেওয়ার পর তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। 

জলবায়ু পরিবর্তন রোধে শিগগির ব্যবস্থা গ্রহণ ও বন সুরক্ষার দাবি জানানো এ বিক্ষোভকারীদের কয়েকজন মঙ্গলবার এক পর্যায়ে জোর করে ভেতরে ঢুকে পড়লেও পরে নিরাপত্তারক্ষীদের কারণে পিছু হটতে বাধ্য হয়, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। 

বিক্ষোভকারীরা এসময় ক্রুদ্ধ স্লোগানে জাতিসংঘ সম্মেলন প্রাঙ্গণে ঢোকার জোর দাবি জানায়। সেসময় ব্রাজিলের আমাজন সংশ্লিষ্ট শহর বেলাঁর ওই প্রাঙ্গণে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিনিধি এ বছরের বার্ষিক জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছিলেন।

বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল পতাকা। তারা ভূমির অধিকার নিয়ে স্লোগান দিচ্ছিলেন। অনেকের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, “আমাদের জমি বিক্রির জন্য নয়।”

“আমরা টাকা খেতে পারবো না। আমরা চাই আমাদের ভূমি কৃষিব্যবসা, তেল খনন, অবৈধ খনিজ উত্তোলন ও অবৈধ কাঠুরেদের হাত থেকে মুক্ত হোক,” বলেছেন তুপিনামবা সম্প্রদায় থেকে আসা আদিবাসী নেতা নাতো।

নিরাপত্তারক্ষীরা পরে টেবিল দিয়ে প্রবেশপথে ব্যারিকেড দেন। 

সংঘর্ষের পর পেট চেপে ধরে রাখা এক নিরাপত্তারক্ষীকে হুইলচেয়ারে করে সরিয়ে নিতে দেখেছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। 

চোখের ওপরের দিকে কেটে যাওয়া আরেক রক্ষী রয়টার্সকে বলেছেন, ভিড়ের মধ্য থেকে তার দিকে ছোড়া ভারি এক কাঠির আঘাতে আহত হয়েছেন তিনি। 

সম্মেলনস্থলের দিকে যাওয়া কয়েকশ বিক্ষোভকারীর ওই মিছিল সংঘর্ষের পরপরই ছত্রভঙ্গ হয়ে যায়।

নিরাপত্তারক্ষীরা পরে ভেতরে থাকা প্রতিনিধিদের সম্মেলনস্থলের বাইরে বের হওয়ার অনুমতি দেন। জাতিসংঘের সম্মেলন হওয়ায় ওই প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্ব মূলত জাতিসংঘের রক্ষীদেরই। 

“আজ সন্ধ্যায় একদল বিক্ষোভকারী কপের মূল প্রবেশপথের নিরাপত্তা বাধা টপকে ঢুকে পড়েছিল। দুই নিরাপত্তারক্ষী সামান্য আহত হয়েছেন, সম্মেলনস্থলেরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে,” বিবৃতিতে এমনটাই বলেছেন এক মুখপাত্র। 

“জাতিসংঘ ও ব্রাজিলের নিরাপত্তা বাহিনীরা সদস্যরা সম্মেলনস্থল নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। ব্রাজিল ও জাতিসংঘের কর্তৃপক্ষগুলো ঘটনাটি তদন্ত করে দেখছে। সম্মেলনস্থল এখন পুরোপুরি নিরাপদ, কপ আলোচনা চলছে,” বলেছেন তিনি। 

মেরামতের জন্য কপ ভেন্যুর মূল প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে, বুধবার সকালেই এটি খুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জাতিসংঘের জলবায়ু সংস্থা।  

এ বছরের কপ৩০ সম্মেলনের আলোচনায় আদিবাসী সম্প্রদায়কে অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে হাজির করেছেন। 

আলোচনায় অংশ নিতে কয়েকদিন আগে নৌকাযোগে সম্মেলনে পৌঁছে ডজনের বেশি আদিবাসী নেতা বন ব্যবস্থাপনা নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছেন। 

মঙ্গলবার পৃথক এক সাক্ষাৎকারে সুপরিচিত এক আদিবাসী নেতা রয়টার্সকে বলেছেন, আমাজন ব্নকে ঘিরে চলমান শিল্প ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আদিবাসীদের অনেকেই ক্ষুব্ধ।

রাওনিপ্রধান নামে খ্যাত রাওনি মেতুকতিয়ার আমাজনের সুরক্ষায় আদিবাসীদের ক্ষমতায়িত করতে ব্রাজিলের প্রতি আহ্বানও জানিয়েছেন।