১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ দূতাবাস কর্মীকে বহিষ্কার সৌদি আরবের

সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের সামরিক অ্যাটাশেসহ আরও চার দূতাবাস কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে।

ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ দূতাবাস কর্মীকে বহিষ্কার সৌদি আরবের
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ৩ মার্চ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় সৌদি আরবের রাস তানুর তেল পরিশোধনাগার। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 02:14 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

সৌদি আরব দেশটিতে নিযুক্ত সামরিক অ্যাটাশেসহ ইরানের পাঁচ দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে। এই কূটনীতিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে রিয়াদ।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বলে খবর সৌদি গেজেটের।   

বিবৃতিতে মন্ত্রণালয়টি সৌদি আরব, গাল্ফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো এবং বেশ কয়েকটি আরব ও ইসলামিক দেশে ইরানের ‘নির্লজ্জ ও উপর্যুপরি’ হামলার তীব্র নিন্দা করেছে। ইরান অব্যাহতভাবে সৌদি আরবের সার্বভৌমত্ব, অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ ও কূটনৈতিক প্রাঙ্গণগুলো লক্ষ্যস্থল করছে জানিয়ে এসব হামলা আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশীসুলভ নীতি, বেইজিং চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ প্রস্তাবের পরিষ্কার লঙ্ঘন বলে অভিযোগ করেছে।   

ইরান যে নীতিগুলো সমর্থন করার দাবি করে এসব হামলা সেগুলোর বিপরীত বলে উল্লেখ করেছে তারা। অব্যাহত আগ্রাসন চলমান ও ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ‘গুরুতর পরিণতি’ বয়ে আনবে বলে সতর্ক করেছে তারা।     

সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে ও আরও তিন দূতাবাস কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরব তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, অঞ্চল, আকাশসীমা, নাগরিক, বাসিন্দা ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।    

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ ইরান যুদ্ধের সূচনা করার পর থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সৌদি আরবে ইরানি হামলায় এ পর্যন্ত অন্তত ২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।