Published : 17 Dec 2025, 01:31 PM
বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তরপূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে নয়া দিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে হুঁশিয়ার করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ভারত থেকে উত্তরপূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে সেটা ‘দখল করার বারবার আহ্বানে’ বাংলাদেশের ‘একটি খারাপ মানসিকতার প্রতিফলন’ ঘটেছে।
শর্মা বলেন, “এক বছর ধরে বাংলাদেশ থেকে বিবৃতি আসছে, তাতে উত্তরপূর্বাঞ্চলকে দেশটির সঙ্গে একত্রীকরণের আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশের জন্য এটি কল্পনা করাও ভুল।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে ভারত একটি বিশাল দেশ, একটি পারমাণবিক শক্তি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি।
ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, বাংলাদেশের মানুষের ‘মানসিকতা খারাপ’ এমন মন্তব্য করে তিনি বলেন, “আমাদের দেশটিকে সহায়তা করা উচিত হবে না আর তাদের জানিয়ে দিন ভারতের প্রতি এমন আচরণ করতে থাকলে আমরা আর চুপ থাকবো না।”
বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ আট রাজ্য নিয়ে গঠিত ভারতের উত্তরপূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন করা উচিত’, এমন মন্তব্য করার একদিন পর আসামের মুখ্যমন্ত্রী এসব প্রতিক্রিয়া জানিয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
বাংলাদেশের নেতারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলগুড়ি করিডোর (যা ‘চিকেন’স নেক’ নামে পরিচিত) নিয়েও হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ভারতীয় প্রতিনিধিদের।
এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, “বাংলাদেশের উচিত ভারতকে হুমকি দেওয়ার আগে তাদের নিজেদের দুর্বল দুটি চিকেন’স নেকের দিকে নজর দেওয়া।”
এর প্রথমটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ৮০ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় পর্যন্ত আর অপরটি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ সীমান্ত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ২৮ কিলোমিটার দূরের বঙ্গোপসাগর পর্যন্ত যা ‘চিটাগাং করিডোর’ নামে পরিচিত।