Published : 11 Nov 2025, 10:45 AM
রিপাবলিকান পার্টির সঙ্গে ডেমোক্রেটিক পার্টির একাংশের সমঝোতার পর সরকারের খরচ যোগাতে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সেনেট, যা ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের রাশ টানতে পারে কয়েক দিনের মধ্যে।
বিবিসি লিখেছে, সোমবার রাতে ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়, বিলটি অনুমোদনে দলের বিরোধিতা ভেঙে আসা আট ডেমোক্র্যাটের সঙ্গে যুক্ত হন প্রায় সব রিপাবলিকান। এ বিল জানুয়ারির শেষ পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে।
এখন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে তা আইনে রূপান্তর করতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সই করতে পারবেন। ট্রাম্প সোমবারই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সই করতে প্রস্তুত।
ফেডারেল কর্মীদের কাজে ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সেবা পুনরায় চালু করার প্রশ্নে রিপাবলিকানদের সঙ্গে আলোচনায় বসে রোববার সমঝোতায় পৌঁছান আটজন ডেমোক্র্যাট।
রিপাবলিকান পার্টির কেবল একজন সেনেটর, কেন্টাকির র্যান্ড পল সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটদের সঙ্গে বিলটির বিপক্ষে ভোট দেন।
বিলটি পাস হওয়ার ঘোষণা যখন আসে, তখন সেনেট প্রায় ফাঁকা। কিন্তু যারা শেষ পর্যন্ত থেকে গিয়েছিলেন, তারা উল্লাস প্রকাশ করেন এবং করতালি দেন।
বিলটির খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স বলেন, “আমরা ফের সরকারকে সচল করতে যাচ্ছি, আমরা নিশ্চিত করব যে ফেডারেল কর্মীরা এখন তাদের অর্জিত ও প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।”
বিলটি আলোর মুখ দেখল ৪১ দিনের শাটডাউনের পর। এই সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে, লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতনহীন ছুটিতে যেতে বাধ্য হন এবং কোটি কোটি মানুষের খাদ্য সহায়তা হারানোর আশঙ্কা তৈরি হয়।
বিলটি এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে যাবে। গত সেপ্টেম্বরের পর আর প্রতিনিধি পরিষদে অধিবেশন বসেনি।
প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সোমবার সেনেট বিল পাসের সম্ভাবনা দেখে পরিষদের সদস্যদের ওয়াশিংটনে ফিরে আসার আহ্বান জানান।
বিবিসি লিখেছে, প্রতিনিধি পরিষদে বুধবার থেকে বিলটি নিয়ে আলোচনা শুরু হবে। তবে এ প্রক্রিয়ায় কতদিন সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়।
পরিষদে রিপাবলিকানদের মাত্র দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সে কারণে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।

বিলে কী রয়েছে?
সেনেটে পাস হওয়া বিলটি ফেডারেল সরকারের বাজেটের মেয়াদ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়াবে।
কৃষি বিভাগের পুরো বছরের বাজেট, সামরিক নির্মাণ প্রকল্প এবং আইন প্রণয়ন সংস্থার বিলটিতে অন্তর্ভুক্ত রয়েছে।
বিলটিতে এও বলা হয়েছে, শাটডাউনের সময় ফেডারেল কর্মীরা তাদের বকেয়া বেতন পাবেন, এবং পুষ্টিকর খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এ কর্মসূচিই যুক্তরাষ্ট্রের প্রতি আটজনের মধ্যে একজনের জন্য অত্যাবশ্যক খাদ্য সুরক্ষা ব্যবস্থা।
বিলে ডিসেম্বর মাসে একটি ভোটের আশ্বাসও রাখা হয়েছে, যা এ বছর শেষ হতে যাওয়া স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর প্রশ্নে সিদ্ধান্ত নেবে।
এর আগে ডেমোক্র্যাট নেতারা বলেছিলেন, কোটি কোটি আমেরিকানের স্বাস্থ্যবীমার সহায়ক এ ভর্তুকির বিষয়টি সমাধান না করা পর্যন্ত সরকার পরিচালনার নতুন অর্থায়নে তারা সমর্থন দেবেন না।
সেনেটে অনেক ডেমোক্র্যাট তাদের দলের আট সদস্যের সমালোচনা করেছেন, যারা রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করে এই বিলটি পাস করেছেন।
সেনেটে বিরোধী দলের নেতা চাক শুমার বলেন, “এই প্যাকেজটি আমেরিকার স্বাস্থ্যসেবা সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেবে না।”
এ সমালোচনার জবাব দিতে গিয়ে বিলের পক্ষে ভোটদানকারী ভার্জিনিয়ার সেনেটর টিম কেইন বলেন, তিনি ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্ব করছেন, যারা সমাঝোতার জন্য ‘ধন্যবাদ’ জানাচ্ছেন।
সেনেটে রিপাবলিকান পার্টির নেতা জন থুন আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাস্থ্যসেবা ভর্তুকির প্রশ্নে ভোট হবে। তবে প্রতিনিধি পরিষদে স্পিকার জনসন বলেছেন, তিনি ভোটের জন্য এটি তুলবেন না।