যুদ্ধ বন্ধের প্রস্তাবে শুক্রবারই সাড়া দেবে ইরান, আশা যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, ইরানের জবাবে কী থাকছে তা দেখবে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে, তারা এখনও প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়টি ভেবে দেখছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাবের বিষয়ে শুক্রবার দিনশেষেই ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।
রোমে সাংবাদিকদের কাছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমরা দেখব ইরানের জবাবে কী থাকছে। আশা করছি তারা এমনকিছু বলবে যা আমাদেরকে গুরুগম্ভীর এক আলোচনা প্রক্রিয়ায় নিয়ে যাবে।”
উপসাগরীয় অঞ্চলে এখনও যুক্তরাষ্ট্র ইরানি বাহিনীর মধ্যে সংঘাত চলছে এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের হামলা শিকার হচ্ছে।
এক মাস আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ঘিরে সংঘাত বেড়েছে।
শুক্রবার হরমুজে দুই দেশের মধ্যে মাঝেমধ্যেই সংঘাত হওয়ার খবর এসেছে। যদিও যুক্তরাষ্ট্র এবং ইরান বলছে যে, তারা যে কোনও সময়ের চেয়ে এখনই যুদ্ধ বন্ধে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোমে সাংবাদিকদের বলেন, “আমরা আজ কিছু একটা জানি। আমরা তাদের (ইরান) কাছ থেকে একটি সাড়া পাওয়ার আশা করছি।”
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা এখনও যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন।
শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানি বাহিনী এবং মার্কিন রণতরীগুলোর মধ্যে 'বিক্ষিপ্ত সংঘর্ষ' হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
তবে এই হামলা, পাল্টা হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এক মাস আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, তা এখনও বহাল আছে।
