Published : 23 Sep 2025, 04:59 PM
হংকংয়ে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা। এবছরের সবচেয়ে শক্তিশালী এ সামুদ্রিক ঝড় আঘাত হানার আগে দিয়ে হংকং কার্যত থমকে গেছে। প্রায় সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। অধিকাংশ যাত্রীবাহী ফ্লাইটও বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার থেকেই মানুষ ভিড় জমাচ্ছে সুপারমার্কেটে, ফলে প্রায় খালি হয়ে গেছে তাকগুলো। দুই দিন দোকানপাট বন্ধ থাকার আশঙ্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে রাখছেন বাসিন্দারা।
শহরের সর্বত্র বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জানালায় ক্রস আকারে টেপ লাগানো হয়েছে, ভাঙা কাচের আঘাত কমানোর আশায়।
হংকং অবজারভেটরি জানিয়েছে, ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে বইতে থাকা বাতাস নিয়ে রাগাসা গুয়াংদং উপকূলে ‘তীব্র হুমকি’ তৈরি করেছে।
সোমবার উত্তর ফিলিপিন্সে আঘাত হানার পর ঝড়টি মূল ভূখণ্ড চীন, তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে আসছে। বুধবার দুপুর থেকে রাতের মধ্যে গুয়াংদং উপকূলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, গুয়াংদং থেকে ৩ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হংকং কর্তৃপক্ষ ‘টাইফুন সিগন্যাল ৮’ (টি৮) জারি করেছে, যা ব্যবসা ও পরিবহন সেবা বন্ধ করার নির্দেশ দেয়। এরই মধ্যে সাত শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে; এর প্রভাব পড়েছে প্রতিবেশী ম্যাকাও ও তাইওয়ানেও।
ঝড় পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে আরও উচ্চতর সতর্কতা জারি হতে পারে। বুধবার হংকংয়ে পাহাড়ি এলাকায় ও উপকূলে ঘূর্ণিঝড়ো বাতাস বইবে বলে ধারণা করা হচ্ছে।
সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার বিষয়ে, যা ২০১৭ সালের টাইফুন ‘হাটো’ এবং ২০১৮ সালের টাইফুন ‘মাংখুত’-এর ক্ষতির সমতুল্য হতে পারে।
উপকূলীয় এলাকায় পানির উচ্চতা প্রায় দুই মিটার পর্যন্ত বাড়তে পারে, কিছু এলাকায় তা ৪ থেকে ৫ মিটার ছুঁতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বালুর বস্তা বিতরণ করা হয়েছে। অনেকেই খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করেছেন।
৩৫ বছর বয়সী এক বাসিন্দা বলেন, “আমরা জানালা-দরজা শক্ত করে বন্ধ করেছি, কোথাও পানি ঢোকার আশঙ্কা আছে কি না, সেটাও দেখে নিয়েছি।”
কেউ কেউ আবার এ পরিস্থিতিতে ব্যবসার সুযোগ খুঁজছেন। লান্তাও দ্বীপের একটি বার টাইফুন সিগন্যাল ৮-এর সময় সব পানীয়তে ২০ শতাংশ ছাড় দিয়েছে।
ওদিকে, হংকং স্টক এক্সচেঞ্জ খোলা রাখা হচ্ছে; গত বছর নীতিমালা বদলে আবহাওয়া যাই হোক না কেন লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা।
**ঝড়ো জলোচ্ছ্বাস**
সোমবার সর্বোচ্চ তীব্রতায় রাগাসার কেন্দ্রের কাছে বাতাসের গতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার ছাড়িয়েছে, যা এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি ৫ ঝড় হিসেবে রেকর্ড হয়েছে।
যদিও তা এখন কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ৪ পর্যায়ে নেমেছে। চীনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
গুয়াংদংয়ের অন্তত ১১ শহরে, যার মধ্যে শেনজেন ও ঝুহাই রয়েছে, কাজকর্ম, স্কুল ও পরিবহন বন্ধ রাখা হয়েছে।
গুয়াংদং উপকূলে সাত মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে চীনের পরিবেশ পূর্বাভাস কেন্দ্র।
শেনজেনে ৮০০টির বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শহরের নানশান জেলায় গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করার কাজও চলছে।
ম্যাকাওয়ের সব ক্যাসিনো স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে বন্ধ হয়ে যাবে, যখন টাইফুন সিগন্যাল ৮ জারি হবে।
তাইওয়ানের পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় প্রায় ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
সেখানে ২৫ জন আহত হয়েছেন, আর টানা দ্বিতীয় দিনের মতো বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে; মঙ্গলবার ২৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।