Published : 20 Aug 2026, 10:01 PM
নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে থাকা কিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক্সকাভেটর যন্ত্র ব্যবহার করে এগুলো উচ্ছেদ করার খবর দিয়েছে এনডিটিভি।
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়ার তিন দিন পর এ পদক্ষেপ নিল নয়া দিল্লি।
ভারতীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভির খবরে বলা হয়, নয়া দিল্লিতে ভেঙে ফেলা স্থাপনাগুলো অনুমোদিত সীমানার বাইরে নির্মাণ করা হয়েছিল।
ভিসা সেন্টারের কাছে মানুষের সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বানানো অবকাঠামোও ভেঙে ফেলা হয়েছে।
এনডিটিভি লিখেছে, পাকিস্তান হাই কমিশনের বাইরে থাকা নিরাপত্তাবেষ্টনীর কিছু অংশও সরিয়ে দিয়েছে নয়া দিল্লি।
কূটনৈতিক চত্বরটি ঘিরে রাখা ট্রাফিক বোলার্ড ও ব্যারিকেডও সরিয়ে নেওয়া হয়েছে। স্থাপনাগুলো ভেঙে ফেলার পর সেখানে ধ্বংসাবশেষ পড়ে ছিল।
এনডিটিভি লিখেছে, সম্প্রতি শ্রীনগর সফরে গিয়ে জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে মন্তব্য করেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির প্রশংসাও করেন।
বুধবার মার্কিন রাষ্ট্রদূতের এসব মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আপত্তি জানায় পাকিস্তান। তারা ইসলামাবাদে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ন্যাটালি বেকারকে তলব করে প্রতিবাদও জানায়।
তবে পাকিস্তান হাই কমিশনের বাইরে চালানো উচ্ছেদ অভিযান ইসলামাবাদের প্রতিক্রিয়ার কারণে কি না, সে বিষয়ে দিল্লির কোনো বক্তব্য পাওয়া যায়নি।