০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া

এ চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে কেউ বা উভয়ই নিরাপত্তাজনিত হুমকির মুখে পড়লে তারা একে অপরের সঙ্গে সলাপরামর্শ করতে পারবে।

নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া
অস্ট্রেলিয়ার সিডনির কিরিবিলি হাউসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোকে স্বাগত জানাচ্ছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 11:54 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

নতুন এক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া।

এ চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে কেউ বা উভয়ই নিরাপত্তাজনিত হুমকির মুখে পড়লে তারা একে অপরের সঙ্গে সলাপরামর্শ করতে পারবে।  

বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোকে নিয়ে সিডনিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

নতুন এ চুক্তি আগের নিরাপত্তা চুক্তিগুলোর চেয়ে বিস্তৃত এবং এতে দুই পক্ষের নেতাদের মধ্যে নিয়মিত নিরাপত্তা সংলাপের অঙ্গীকারও আছে বলে আলবানিজের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই দেশের মধ্যে প্রথম নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ৩০ বছর আগে। 

“যদি আমাদের দুই দেশের মধ্যে কোনো দেশ কিংবা উভয় দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে তা মোকাবেলায় একক বা যৌথভাবে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আমরা আলোচনা করতে পারবো,” বলেছেন আলবানিজ।

এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে একসঙ্গে কাজ করাই সেরা উপায় বলে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া মনে করে, বলেছেন তিনি। 

প্রাবোয়ো বলেছেন, নতুন চুক্তিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে।

“দুই দেশের নিরাপত্তা জোরদার ও সুরক্ষিত রাখতে সর্বোত্তম সম্পর্ক বজায়ে আমরা বদ্ধপরিকর,” বলেছেন এ ইন্দোনেশীয় প্রেসিডেন্ট।