Published : 11 Jun 2026, 08:59 PM
ওমান উপকূলে চলতি সপ্তাহে ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মার্কিন বাহিনীর হামলায় তিন নাবিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত।
ভারত এই হামলার নিন্দা জানিয়েছে এবং নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব করে এ ধরনের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
গত ১৩ এপ্রিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন হামলায় এই প্রথম নাবিক মৃত্যুর খবর এসেছে।
অবরোধের মধ্যে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে আটটি জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। ফেরত পাঠিয়েছে আরও শতাধিক জাহাজ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এসব হামলা অবশ্যই বন্ধ হতে হবে। তিনি বলেন, “আমরা সংলাপ ও কূটনীতির আহ্বান জানাচ্ছি; যাতে দ্রুত এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়।”
তিনি বলেন, মার্কিন নৌবাহিনী চলতি সপ্তাহে ভারতীয় নাবিক বহনকারী তিনটি জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে বৃহস্পতিবার।
জয়সওয়াল বলেন, ওমান উপকূলে ‘সেত্তেবেলো’ ট্যাংকারে হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব করা হয়।
সেখানে এ ধরনের হামলার বিষয়ে ভারতের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, “মার্কিন বাহিনীর নির্দেশনা বারবার অমান্য করার পর মার্কিন বিমান থেকে ‘সেত্তেবেলো’র ইঞ্জিন রুমে নির্ভূল হামলা চালানো হয়।’’
‘সেত্তেবেলো’ জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে চলমান অবরোধ লঙ্ঘন করেছিল বলে দাবি সেন্টকমের।
তবে জাহাজটির ব্যবস্থাপক প্রতিষ্ঠান আইওএস মেরিন এফজেডই এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, কোনও সতর্কতা উপেক্ষা করা হয়নি এবং জাহাজটিতে ইরানের অপরিশোধিত তেলও ছিল না। তারা এ ঘটনার স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
‘ফরোয়ার্ড সিমেন্স ইউনিয়ন অব ইন্ডিয়া’ এক্সে এক বিবৃতিতে বলেছে, ‘সেত্তেবেলো’ জাহাজের সঙ্গে ইরান বা ইরানি তেলের কোনও সম্পর্ক নেই।