Published : 13 Dec 2025, 09:24 PM
মরক্কো থেকে হেলিকপ্টারে করে হাশিশ চোরাচালান করা একটি অপরাধী দলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্পেনের পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ছয় অপরাধীকে গ্রেপ্তার করেছে তারা।
আকাশপথে মাদক পাচারের বিরুদ্ধে শনিবারের এ অভিযানকে ‘বিরল ঘটনা’ বলছে রয়টার্স।
বার্তা সংস্থাটি স্পেনের আধা-সামরিক পুলিশ বাহিনী সিভিল গার্ডের মুখপাত্র গঞ্জালো লোপেজের বরাত দিয়ে লিখেছে, এই পাচারের কাজে যে হেলিকপ্টারগুলো ব্যবহার করা হতো সেগুলোতে ৫০০ থেকে ৯০০ কিলোগ্রাম (কেজি) হাশিশ বহন করা যায়। হেলিকপ্টারগুলো মরক্কো থেকে হাশিশ বহন করে ভূমধ্যসাগর পেরিয়ে স্পেনের দক্ষিণাঞ্চলে নিয়ে আসতো। এরপর সেখান থেকে মাদকগুলো সড়কপথে ইউরোপের অন্যান্য অংশে নিয়ে যাওয়া হতো।
পুলিশ বিচ্ছিন্ন এক গুদাম থেকে একটি হেলিকপ্টার জব্দ করেছে। পাশাপাশি মালাগা, আলমেরিয়া ও মুরসিয়া প্রদেশে অভিযান চালিয়ে ৬৫৭ কিলোগ্রাম হাশিশ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ ও বেশ কয়েকটি গাড়ি জব্দ করেছে।
এসব অভিযানে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান স্পেনীয় পুলিশের পাশাপাশি মরক্কা, বেলজীয় ও সুইডেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলোও অংশ নিয়েছে।
পুলিশের একটি সূত্র রয়টার্সকে বলেছে, “মাদক চোরাচালানে হেলিকপ্টার ব্যবহার করা একটি বিরল ঘটনা। তবে তারা (মাদক পাচারকারী দলগুলো) মাঝে মাঝে এমন চেষ্টা করেছে। স্মরণ রাখতে হবে, হেলিকপ্টাগুলি শনাক্ত করা সহজ আর কালোবাজার থেকে এগুলো কেনাও কঠিন।”
চলতি বছরের প্রথমদিকে স্পেনের পুলিশ ড্রোন ব্যবহার করে মরক্কো থেকে স্পেনে মাদক পাচারকারী অপরাধী দলগুলোকে গুড়িয়ে দিয়েছিল।
স্পেনের ভৌগলিক অবস্থান এটিকে ইউরোপে হাশিশ প্রবেশের একটি প্রধান পথ করে তুলেছে, বিশেষ করে মরক্কো থেকে আর কোকেন চোরাচালান হয়ে আসে লাতিন আমেরিকা থেকে। হাশিশ সাধারণত সমুদ্রপথে চোরাচালান হয়ে আসে আর একাজে প্রায়ই অতি দ্রুতগামী লঞ্চ বা জেট-স্কি ব্যবহার করা হয়।
আটক ছয় সন্দেহভাজন মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত থাকা ও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তবে ‘হিরো’ নামাঙ্কিত এ অভিযান কবে বা কখন চালানো হয়েছে সে বিষয়ে স্পেনের সিভিল গার্ড কোনো তথ্য দেয়নি।