১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের হামলাটি নিয়ে তিনি ‘সবদিক থেকে অত্যন্ত অসন্তুষ্ট’।

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 12:04 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

কাতারে বিমান হামলা চালিয়ে হামাস নেতাদের হত্যা করার ইসরায়েলি চেষ্টার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। হামলাটিকে ‘একতরফা’ বলে বর্ণনা করে যুক্তরাষ্ট্র বলেছে, এতে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থের কোনো অগ্রগতি হবে না। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের হামলাটি নিয়ে তিনি ‘সবদিক থেকে অত্যন্ত অসন্তুষ্ট’। বুধবার বিষয়টি নিয়ে পূর্ণ একটি বিবৃতিতে দেবেন বলে জানিয়েছেন তিনি।  

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় ট্রাম্প বলেন, “আমি এটি নিয়ে রোমাঞ্চিত নই। এটি ভালো কোনো পরিস্থিতি না আর আমি এটা বলবো: আমরা জিম্মিদের ফিরিয়ে আনতে চাই, কিন্তু আজ যা যেভাবে ঘটলো তা নিয়ে আমরা রোমাঞ্চিত নই।”

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এটিকে ন্যায্য হামলা বলে দাবি করলেও কাতার বলেছে, ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে’ জড়িয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরাহমান আল-থানি বলেছেন, কাতার হামাস ও ইসরায়েলের মধ্যে যে শান্তি আলোচনার মধ্যস্থতা করছে এই বিমান হামলায় তা লাইনচ্যুত হওয়ার হুমকির মধ্যে পড়েছে।

ট্রাম্প জানিয়েছেন, তার বিবেচনায় হামাসকে আঘাত করা ঠিক আছে কিন্তু হামলাটি উপসাগরীয় আরব দেশে হওয়ায় তিনি খারাপবোধ করছেন। কারণ কাতার নেটোর বাইরে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এক মিত্র আর এই দেশটিতে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির রাজনৈতিক ঘাঁটি রয়েছে।

সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় ইউনিয়ন এই হামলার নিন্দা করেছে। এই হামলা গাজা যুদ্ধবিরতি আলোচনাকে এবং আলোচনার মাধ্যমে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ অবসানের ট্রাম্পের প্রচেষ্টাকে লাইনচ্যুত করার ঝুকিতে ফেলেছে।    

কাতার যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা অংশীদার এবং দেশটিতে মধ্যপ্রাচ্যে বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা আল-উদেইদ বিমান ঘাঁটি অবস্থিত। মিশরের পাশাপাশি কাতার গাজায় যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে চলা আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

হামাস জানিয়েছে, মঙ্গলবারের এই হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার নির্বাসিত হামাস প্রধান ও শীর্ষ আলোচক খলিল আল-হায়ার ছেলেও আছেন।

হামাসের বলেছে, ইসরায়েল তাদের যুদ্ধবিরতি আলোচনার দলটিকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে।