১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওয়াশিংটনে হামলা: আফগানদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রটোকল পর্যালোচনা করে দেখার জন্য আফগানদের অভিবাসনের অনুরোধ প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস।

ওয়াশিংটনে হামলা: আফগানদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন ডিসির ঘটনাস্থল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সেনার ওপর গুলির ঘটনায় একজন আফগান শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের নাগরিকদের অভিবাসনের সব অনুরোধ প্রক্রিয়াকরণ স্থগিত করেছে দেশটি।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এই ঘোষণা দিয়েছে। নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রটোকল পর্যালোচনা করে দেখার জন্য আফগান নাগরিকদের অভিবাসনের অনুরোধ প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।

বুধবার ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হলে তারা মারাত্মভাবে আহত হন। তদন্তকারীরা এ ঘটনায় সন্দেহভাজনকে রহমানুল্লাহ লাকানওয়াল (২৯) বলে শনাক্ত করেন।

বলা হচ্ছে, এই ব্যক্তি ২০২১ সালে সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড সেনাদের ওপর হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন।

যে কোনও দেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রের নয়, সেইসব বিদেশিদেরকে তাড়াতে তিনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

বিশেষ অভিবাসন সুরক্ষা মর্যাদার আওতায় শত-সহস্র আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে ঢুকেছিল আগের প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে। 

যুক্তরাষ্ট্রের সেনারা পুরোপুরি আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর ‘অপারেশ এলাইজ ওয়েলকাম’ কর্মসূচির আওতায় এই আফগানদেরকে নেওয়া হয়েছিল।

সে সময় যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। 

বিবিসি’র নিউজ পার্টনার সিবিএস-কে এক কর্মকর্তা বলেন, ২০২৪ সালে আফগান নাগরিক লাকানওয়াল যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। এবছরের শুরুর দিকে তার আবেদন মঞ্জুর হয়।

লাকানওয়ালের বয়স ২৯ বছর এবং তিনি কর্তৃপক্ষের তদন্তে সহযোগিতা করছেন না বলে জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রকে এখন বাইডেনের আমলে ঢোকা প্রতিটি বিদেশিকে আবার যাচাই করে দেখতে হবে।

ঘটনার সময় ট্রাম্প তার ফ্লোরিডার রিজোর্টে ছিলেন। বুধবার রাতে তিনি পূর্বে ধারণ করা একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন। তাতে গুলিবর্ষণের ঘটনাটিকে ‘খারাপ কাজ, ঘৃণার ও সন্ত্রাসী কাজ’ বলে মন্তব্য করেছেন। 

এক সংবাদ ব্রিফিংয়ে ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারল জানান, আহত ওই দুই সেনা ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্য। তারা ‘হাই-ভিজিবিলিটি পেট্রল’ এর অংশ। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ১৭তম এবং ১ নম্বর রাস্তা কোণের কাছে, হোয়াইট হাউজ থেকে কয়েক ব্লক দূরে ছিলেন।

 সন্দেহভাজন এক কোণে এসে তাদের ওপর ‘চোরাগোপ্তা’ হামলা চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর ন্যাশনার গার্ডের অন্য সদস্যরা গুলিবর্ষণকারীকে আটক করতে সক্ষম হয়।

বুধবার কেন্টাকিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স এ এক পোস্টে বলেছেন, এই গুলিবর্ষণ প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ন্যায্য ছিল।

তিনি বলেছেন, “আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই এমন লোকজনকে বিতাড়িত করতে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।”