১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুইজারল্যান্ডে বন্যায় নিখোঁজ ৩

মিজক্স শহরের রাস্তাগুলো ডুবে যায় আর বন্যার কারণে কয়েক ডজন বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 08:30 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

সুইজারল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলীয় আলপাইন উপত্যকা গ্রাউবানদেনের মিজক্স শহরে বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে তিনজন নিখোঁজ রয়েছেন।  

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে ব্যাপক বজ্রঝড় ও বৃষ্টিতে নদীগুলোতে বন্যা দেখা দেয়। নদীর পানি তীর উপচে চারপাশ ডুবিয়ে দেয়। মিজক্স শহরের রাস্তাগুলো ডুবে যায় আর বন্যার কারণে কয়েক ডজন বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।    

আরও পশ্চিমে বন্যার পানির কারণে আলপাইনের অবকাশযাপন কেন্দ্র জেরমাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

রয়টার্স জানিয়েছে, আল্পসের ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত শহরটি থেকে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, শুক্রবার বন্যার পানি শহরটির রাস্তাগুলো দিয়ে বয়ে যাচ্ছে।   

বন্যার কারণে জেরমাতের সঙ্গে ফিস্ত শহরের ট্রেন চলাচল আর থ্যাশ শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, এতে অবকাশযাপন কেন্দ্রটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।      

সুইজারল্যান্ডের কর্তৃপক্ষগুলো হোন ও এর শাখা নদীগুলোতে শুক্রবার থেকে পানি উপচে পড়তে পারে এমন আশঙ্কায় আগেই কিছু প্রস্তুতি নিয়েছিল, লোকজনের এসব নদীর তীরে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করেছিল।   

গ্রাউবানদেনের স্থানীয় সরকার জানিয়েছে, তারা ‘অত্যন্ত উদ্বেগের’ সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। স্থানীয় জরুরি বিভাগ দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষ তাদের ‘ধন্যবাদ’ জানিয়েছে।