১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের তেলেঙ্গানায় টানেল ধসে ৮ শ্রমিক আটকা

টানেলটির ১০ মিটারের বেশি অংশ ধসে পড়েছে কিন্তু কাদা ছড়িয়েছে ২০০ মিটারেরও বেশি অংশজুড়ে, বলেন এক কর্মকর্তা।

ভারতের তেলেঙ্গানায় টানেল ধসে ৮ শ্রমিক আটকা
রাজ্যটির শ্রীশাইলম বাঁধের বর্ধিতাংশের পেছনের নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে। ছবি: রেডিফ ডটকম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

ভারতের তেলেঙ্গানা রাজ্যে নির্মাণাধীন একটি টানেলের এক অংশ ধসে পড়েছে; এতে অন্তত আট শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

শনিবার রাজ্যটির নাগারকুর্নল জেলার অমরাবাদ এলাকায় শ্রীশাইলম বাঁধের নির্মাণাধীন বর্ধিতাংশের পেছনের টানেলটির একটি অংশ ধসে পড়ে। 

ধসে পড়ার আগে কিছু শ্রমিক একটি লিক মেরামত করতে টানেলটিতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে প্রায় সবাই বের হয়ে আসতে সক্ষম হলেও অন্তত আটজন ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাদের উদ্ধার করতে একটি অভিযান শুরু করা হয়েছে। 

ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, টানেলটির ১০ মিটারের বেশি অংশ ধসে পড়েছে কিন্তু কাদা ছড়িয়েছে ২০০ মিটারেরও বেশি অংশজুড়ে। 

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার দোমলাপেন্টার কাছে শ্রীশাইলম বাঁধের পেছনের টানেলের একটি অংশ ধসে পড়েছে। বাম পাশের টানেলটির ছাদের তিন মিটার অংশ ধসে পড়েছে। ওই অংশে শ্রমিকরা কাজ করার সময় এ ঘটনা ঘটে।” 

মাত্র চার দিন আগে টানেলটি ফের খোলা হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়। 

কর্মকর্তারা বলেন, যে আট শ্রমিক আটকা পড়েছেন তাদের মধ্যে চারজন ঝাড়খণ্ড থেকে এসেছেন, দুইজন উত্তর প্রদেশ থেকে, একজন জম্মু ও কাশ্মীর ও অপরজন পাঞ্জাব থেকে।