ভারতীয় সেনাপ্রধানকে ‘সম্মানসূচক জেনারেল’ পদবি দিল নেপালের সেনাবাহিনী
কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল ধীরাজ শেঠকে এই প্রতীকী পদমর্যাদা দেওয়া হয়।
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদবিতে ভূষিত করেছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।
রোববার তিন দিনের এক সরকারি সফরে নেপালে যান জেনারেল শেঠ। সফরের দ্বিতীয় দিন সোমবার রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবন ‘শীতল নিবাসে’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শেঠকে এই প্রতীকী পদমর্যাদা দেওয়া হয়।
নেপালের হিমালয়ান টাইমস পত্রিকা লিখেছে, ১৯৫০ সাল থেকে চলে আসা দুই দেশের দ্বিপক্ষীয় সামরিক ঐতিহ্যের অংশ হিসেবে এই পারস্পরিক সম্মানসূচক পদমর্যাদা দেওয়া হয়।
অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রামসহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সরকার ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, এই সম্মান প্রদান কেবল আনুষ্ঠানিক সম্মাননা নয়, বরং এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার প্রাতিষ্ঠানিক আস্থা, পেশাগত শ্রদ্ধা ও সামরিক বন্ধুত্বের বহিঃপ্রকাশ। আর এই সফর ভারত ও নেপালের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামরিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরে।
