১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইতালি উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২০ টি মৃতদেহ খুঁজে পেয়েছে এবং ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও ইতালির রেড ক্রস।

ইতালি উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 13 Aug 2025, 10:57 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ইতালির দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি নৌকা উল্টে গিয়ে অন্তত ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে।

বুধবার এ দুর্ঘটনায় আরও অনেক মানুষ নিখোঁজ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। নিখোঁজদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারীরা।

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২০ টি মৃতদেহ খুঁজে পেয়েছে এবং ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের ৫৬ জন পুরুষ এবং চারজন নারী।

দুর্ঘটনাকবলিত নৌকাটির যাত্রীরা লিবিয়া থেকে যাত্রা করেছিল। সমুদ্রপথে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ির চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইতালি অন্যতম প্রধান প্রবেশপথ। ভূমধ্যসাগরের এই বিপজ্জনক নৌপথে যাত্রা করার সময় এমন দুর্ঘটনা এটিই সর্বসাম্প্রতিক।

 এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় এই রুটে যাত্রার সময় অন্তত ৬৭৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইতালিতে ইউএনএইচসিআর এর মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো।

দুর্ঘটনাটি সম্পর্কে জানেন এমন একজন বলেছেন, বুধবার সকালে ল্যাম্পেডুসা উপকূলের প্রায় ১৪ মাইল দূরের জলপথে মানুষের দেহসহ উল্টে যাওয়া একটি নৌকা দেখতে পায় ইতালির আইনপ্রয়োগকারী সংস্থার বিমান।

অভিবাসনপ্রত্যাশীরা বুধবার সকালেই দুটো নৌকায় করে লিবিয়ার ত্রিপোলি থেকে যাত্রা করেছিল। একটি নৌকা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করলে মানুষজন অপর নৌকাটিতে গিয়ে ওঠে। পরে সেই নৌকাটিও উল্টে গিয়ে ডুবে যায়।

প্রাথমিক হিসাবে ইউএনএইচসিআর অভিবাসনপ্রত্যাশীদের দলে ৯২ জন থেকে ৯৭ জন থাকতে পারে বলে জানিয়েছে। আর এই হিসাবে এখন পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা হতে পারে ১৭ জন।