Published : 24 Apr 2026, 08:33 PM
ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হুমকির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ইসলামাবাদ সফরে বেরনোর খবর শোনা যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা লিখেছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এই সফর শুরু হওয়ার কথা।
তবে ইসলামাবাদ, মাসকাট ও মস্কোর সফরটিকে স্থানীয় ওই গণমাধ্যমে আরাকচির নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ বলা হয়েছে।
আল জাজিরা লিখেছে, এ বিষয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন।
এদিকে পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান।
জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় এক ডজন দেশে হামলা চালিয়েছে তারা।
এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান পরিবহন ব্যবস্থা; হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে।
যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। এর তিন দিন পর ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে তেহরান ও ওয়াশিংটন।
পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের পাঁচ তারকা হোটেলে সেই আলোচনা শুরু হয় ১১ এপ্রিল সন্ধ্যায়। দফায় দফায় বৈঠকের মধ্যদিয়ে পরের দিন সকালে গড়ানো সেই কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই।
এর মধ্যে গেল মঙ্গলবার দুই সপ্তাহ শেষ হওয়ার ঘণ্টা কয়েক আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।
কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকি ও অভিযোগ অব্যাহত রয়েছে।