১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বন্যাকবলিত মুলতানে উদ্ধারকারীদের নৌকা ডুবে ৫ মৃত্যু

বন্যার মধ্যে সবকিছু পানিতে তলিয়ে থাকা ও রাতের অন্ধকার এই নৌ দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

পাকিস্তানের বন্যাকবলিত মুলতানে উদ্ধারকারীদের নৌকা ডুবে ৫ মৃত্যু
উদ্ধারকারী পরিষেবা জানিয়েছে, তারা বন্যাকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 11:05 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যাকবলিতদের উদ্ধার করে নিয়ে আসতে থাকা একটি নৌকা চেনাব নদীতে উল্টে যাওয়ার পর ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। 

শনিবার প্রদেশটির মুলতান জেলার জালালপুর পীরওয়ালা এলাকায় ঘটনাটি ঘটেছে। পাকিস্তানি গণমাধ্যম ডন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনের পর মুলতানের ডিসি ওয়াসিম হামিদ সিন্ধু এক বিবৃতিতে বলেছেন, “নৌ দুর্ঘটনার কারণ সতর্কভাবে খতিয়ে দেখা হচ্ছে। নৌকায় থাকা শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।” 

প্রাদেশিক দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের (পিডিএমএ) বিবৃতিতেও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।  

উদ্ধারকারী কর্তৃপক্ষকে তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে ডিসি সিন্ধু বলেছেন, “নৌকায় থাকা অন্যদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।” 

মুলতান নগর পুলিশের প্রধান সিপিও সাদিক আলি ডোগার জানিয়েছেন, পুলিশ উদ্ধারকারী দলগুলোকে সার্বিক সহযোগিতা করছে। বন্যার মধ্যে সবকিছু পানিতে তলিয়ে থাকা ও রাতের অন্ধকার এই নৌ দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন তিনি।  

উদ্ধারকারী পরিষেবার দেওয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি বন্যাকবলিত জালালপুর পীরওয়ালা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছিল, এরই এক পর্যায়ে অন্ধকারের মধ্যে সেটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। তীব্র স্রোতের কারণে নৌকায় থাকা নারী ও শিশুরা ভেসে যায়। 

নৌকাটির অধিকাংশ আরোহী নারী ও শিশু ছিল। যেখানে নৌকাটি উল্টে যায় সেখানে পানির গভীরতা ১৫ থেকে ২০ ফুট ছিল। 

ঘটনার পরপরই দ্রুত অভিযান শুরু করে বেশিরভাগ আরোহীকে উদ্ধার করা হয়। পরে নিখোঁজদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। এখনো একটি শিশু নিখোঁজ রয়েছে। 

এই শিশুটির খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে ইতোমধ্যে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ নজিরবিহীন বন্যায় আক্রান্ত হয়েছে। উদ্ধারকারী পরিষেবা জানিয়েছে, তারা বন্যাকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।